বাংলাদেশিদের প্রভাবিত করা ভারতের পক্ষে অসম্ভব: মণি শংকর আয়ার
ভারতের পার্শ্ববর্তী প্রায় সব দেশ লিলিপুটের মতো। ভারত সেখানে গালিভার। অনেকে তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য ভারতকে দায়ী করে। বাংলাদেশে বিএনপি হারলে ভারতকে দায়ী করা হয়। তবে এটা ঠিক নয়। বাংলাদেশের জনগণই এটি ঠিক করে। বাংলাদেশের কোটি কোটি মানুষের মতামত প্রভাবিত করা ভারতের পক্ষে অসম্ভব।
আজ বুধবার রাজধানীর স্পেকট্রা মিলনায়তনে এক বক্তৃতায় কথাগুলো বলেন ভারতের সাবেক কূটনীতিক ও মন্ত্রী মণি শংকর আয়ার। সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও দ্য হাঙ্গার প্রজেক্ট যৌথভাবে ওই বক্তৃতার আয়োজন করে।
মণি শংকর আয়ার বলেন, ভারত-বাংলাদেশ আলাদা দেশ হওয়া ছিল একটি রাজনৈতিক দুর্ঘটনা। এখন বাংলাদেশ একটি সার্বভৌম দেশ। দুই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সম্মান করলে, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস থাকলে সব সমস্যার সমাধান সম্ভব। বাংলাদেশকে ভারতের কিছু শেখানোর নেই, বাংলাদেশেরও ভারতকে কিছু শেখানোর নেই।
মণি শংকর বলেন, বাংলাদেশ চীন থেকে সাবমেরিন কিনেছে, এটা তাদের বিষয়। সেটা ভারতের বিরুদ্ধে ব্যবহার হয় কি না, সেটা ভারতের দেখার বিষয়। বাংলাদেশের অর্থনৈতিক, সামরিক, নিরাপত্তা কৌশল কী হবে, তা বাংলাদেশকেই ঠিক করতে দিতে হবে।
মণি শংকর বলেন, বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেন দুই দেশের সমাধানের চেয়ে সমস্যা তৈরি করছে বেশি। তারা সম্পর্ককে মানবিক না করে রাজনৈতিক করছে। কিন্তু বাংলাদেশ ও ভারতের সম্পর্ক হওয়া উচিত মানবিক সম্পর্কের জায়গা থেকে।
১৯৭২ সালের শুরুর দিকে নিজের বাংলাদেশ সফরের স্মৃতি বর্ণনা করে মণি শংকর বলেন, তখন দুই দেশের সম্পর্ক ছিল খুবই গভীর। প্রায় ৪৫ বছর পর সম্পর্ক যত দূর এগোনোর কথা ছিল, সেটি হয়নি। ১৯৭২ সালেও এজেন্ডা ছিল পাটের যৌথ বাজারজাতকরণ, এখনো সেটাই বলা হচ্ছে।
সাবেক এই কূটনীতিক বলেন, মনমোহন তিস্তার পানি সমস্যা অনেক আগেই প্রায় সমাধান করে ফেলেছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কারণে শেষ পর্যন্ত তা হয়নি। তিনি মনে করেন, ফারাক্কা সমস্যা এবং তিস্তা সমস্যার সমাধান করা দরকার।
এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ বলেন, তিনি মনে করেন, ৪৫ বছরে বাংলাদেশ স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে যে অগ্রগতি সাধন করেছে, ভারত তার স্বাধীনতার প্রথম ৪৫ বছরে এতটা অগ্রগতি সাধন করতে পারেনি।
এক প্রশ্নের জবাবে মণি শংকর বলেন, পাকিস্তানের সন্ত্রাসবাদের কারণেই ভারতকে সার্ক সম্মেলন বয়কট করতে হয়েছে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই সন্ত্রাসীদের লালন করছে প্রক্সি যুদ্ধ বজায় রাখার জন্য।
আরেক প্রশ্নের জবাবে মণি শংকর বলেন, রোহিঙ্গা ইস্যু একটি অনালোচিত এবং অবহেলিত বিষয়। অথচ তারা নির্যাতন ও সহিংসতার শিকার। বিশ্ববাসীর কর্তব্য রয়েছে তাদের পাশে দাঁড়ানোর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের সভাপতি এম হাফিজউদ্দিন খান। সঞ্চালনা করেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মতিন পাটোয়ারি, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, দ্য হাঙ্গার প্রজেক্টের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জেরিনা নাহার কবির প্রমুখ।