বাংলাদেশিদের বিষয়ে অনুসন্ধানে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে আলোচিত পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় কোনো কোনো গণমাধ্যমে বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এসেছে। এই ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল আজ বৃহস্পতিবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

যদিও কোনো কোনো গণমাধ্যমে আসা বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর নাম পানামা পেপারস কেলেঙ্কারিতে আছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
দুদক এই অনুসন্ধানের জন্য কমিশনের উপপরিচালক আখতার হামিদকে ভূঞাকে প্রধান করে তিন সদস্যের একটি দল গঠন করেছে। দুদক সচিব বলেন, অনুসন্ধানের সুবিধার্থে প্রয়োজনে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে বিদেশ থেকে তথ্য সংগ্রহ করা হবে।
মোসাক ফনসেকা নামে পানামার একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের ১ কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হয় গত সোমবার। এ ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে। নথিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিকটাত্মীয়দের নাম আসে। এ তালিকায় আরও আছে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বিন আবদুল রহমান আল সৌদ, মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের এক ছেলে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দুই ছেলে ও এক মেয়ের নাম।
রাজনৈতিক ক্ষমতাধর ব্যক্তিদের পাশাপাশি ফুটবল তারকা লিওনেল মেসি, ভারতের চলচ্চিত্র জগতের খ্যাতিমান অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর পুত্রবধূ অভিনেত্রী ঐশ্বরিয়ার রাইয়ের নামও পাওয়া গেছে ওই নথিতে।
মোসাক ফনসেকার ওই ১ কোটি ১৫ লাখ নথি অজানা সূত্র থেকে জার্মান দৈনিক জিটডয়েচ সাইতং-এর হাতে আসে। পত্রিকাটি সেসব নথি ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসকে (আইসিআইজে) দেয়। ১৯৭৭ থেকে ২০১৫, প্রায় ৪০ বছরের এসব নথি পরীক্ষা-নিরীক্ষা করে তার কিছু অংশ আইসিআইজে প্রকাশ করে।
ওই কেলেঙ্কারির ঘটনা প্রকাশ হওয়ার পর গত মঙ্গলবার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমন্ডুর ডেভিড গুনলাগসন।