সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ছয় বাংলাদেশির মধ্যে চারজনের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়। এর মধ্যে দুই সহোদর রয়েছেন। এসব লাশ দেশে আনার মতো আর্থিক সামর্থ্য পরিবারের নেই। এ জন্য তাঁরা সরকারের সাহায্য কামনা করেছেন।
গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত নয়টার দিকে সৌদি আরবের দাম্মাম হাবার আল বাতেন এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ছয় বাংলাদেশি নিহত হন।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত গোয়ালন্দের চারজন হলেন দরাপের ডাঙ্গী গ্রামের দুই ভাই অহেদ এরশাদ ব্যাপারী (২৫) ও হুমায়ুন ব্যাপারী (২০) এবং নাছের মাতবরপাড়ার কোব্বাত খান (২৫) ও দৌলতদিয়া ইউনিয়নের মিরাজ মণ্ডল (২৫)।
এ ব্যাপারে অহেদ আলী ব্যাপারী প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে এরশাদ প্রায় আট বছর ধরে সৌদি আরবে ছিলেন। গত বছর ছোট ছেলে হুমায়ুনও সেখানে যান। এরশাদ গত বছরের ২৫ ডিসেম্বর বিয়ে করেন। এরপর ১৪ মার্চ তিনি আবার সৌদি আরব যান। সেখানে দুই ভাই কিছু টাকা জোগাড় করে একটি মাইক্রোবাস কেনেন। ওই গাড়ি নিয়ে দুর্ঘটনার দিন সবাই মিলে একত্রে কাজের সন্ধানে যাচ্ছিলেন। এ সময় অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তাঁর দুই ছেলেও নিহত হন।
দুই ছেলের মুখ শেষবারের মতো দেখতে চান। কিন্তু লাশ দুটি ফিরিয়ে আনার মতো আর্থিক সংগতি তাঁর নেই। এ জন্য সরকারের সহযোগিতা চান।
সৌদি আরবে এরশাদ ও হুমায়ুনের সঙ্গে থাকতেন একই গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন। গিয়াস বলেন, সৌদি আরব থেকে একটি লাশ আনতে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ হবে।
এদিকে মিরাজের চাচা উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসু মণ্ডল বলেন, ‘কিছু জমি বিক্রি করে আমরা সবাই সহযোগিতা করে প্রায় আট মাস আগে মিরাজকে সৌদি আরবে পাঠাই। এখনো অনেক টাকা দেনা আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে দ্রুত লাশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।’
এ ব্যাপারে উপজেলা নর্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রথম আলোকে মো. হাসান হাবিব বলেন, ‘আমরা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করেছি। আশা করি, খুব দ্রুত একটা সমাধান হবে।’