লিবিয়ার বানি ওয়ালিদ শহরে আবার সহিংসতা শুরু হয়েছে। এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানী ত্রিপোলি ও এর আশপাশে। সার্বিক পরিস্থিতিতে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকতে এবং যেকোনো প্রয়োজনে দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে।গণমাধ্যমের খবর অনুযায়ী, ১৬ অক্টোবর থেকে বানি ওয়ালিদে সরকারি বাহিনীর সঙ্গে মুয়াম্মার গাদ্দাফির সমর্থকদের সংঘর্ষ তীব্র হয়েছে।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, বানি ওয়ালিদে ২২০ জন বাংলাদেশি কর্মী রয়েছেন। এই সংঘর্ষ শুরুর পর তাঁদের ওই শহরের কেন্দ্রস্থল থেকে ১০ কিলোমিটার দূরে ইলেকট্রনিক নামের একটি স্থানে সরিয়ে নেওয়া হয়।এ বিষয়ে জানতে চাইলে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আহসান কিবরিয়া সিদ্দিকি গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, দূতাবাস থেকে নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমে বাংলাদেশিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। তবে বানি ওয়ালিদে সহিংসতার জের ধরে লিবিয়ার পূর্বাঞ্চল থেকে ত্রিপোলিসহ অন্যান্য এলাকার পানি সরবরাহের একমাত্র পাইপলাইনটি বোমা হামলায় বিচ্ছিন্ন হয়ে গেছে। ত্রিপোলি ও আশপাশে দুই দিন ধরে পানি সরবরাহ নেই। যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে এখানকার গণমাধ্যমে শঙ্কা প্রকাশ করা হয়েছে। এ অবস্থায় লিবিয়ায় অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সতর্ক থাকতে বলা হয়েছে। তাঁদের জরুরি প্রয়োজনে ০০২১৮৯১৩৭৭৬৯১৪, ০০২১৮৯২৪১৯৬৯০৭ ও ০০২১৮৯১৭৭৭২৭৪৪ ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, গতকাল বানি ওয়ালিদে সংঘর্ষে অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অনেকে।