বাংলাদেশিদের সরিয়ে আনতে সহায়তা করবে ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশের নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সহায়তা করবে ভারত। গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকায় ভারতীয় হাইকমিশন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এ কথা জানায়। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে পররাষ্ট্রসচিব শহীদুল হক তাঁর দপ্তরে সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশ তার নাগরিকদের ইয়েমেন থেকে নিরাপদে ফিরিয়ে আনতে ভারতের সহায়তা চেয়েছে। তিনি বলেন, বাংলাদেশিদের সরিয়ে আনতে ইয়েমেনে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কারণ, ভারত তার নাগরিকদের সরিয়ে নিতে উড়োজাহাজ ও জাহাজ পাঠাচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদেরও ফেরত আনা যায় কি না, সে বিষয়ে ভারতের সঙ্গে কথা হচ্ছে। ভারত নীতিগতভাবে বাংলাদেশের লোকজনকে আনতে রাজি হয়েছে।
গৃহযুদ্ধ ও সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান হামলায় পর্যুদস্ত হয়ে পড়েছে ইয়েমেন। পররাষ্ট্রসচিব জানান, বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থারও (আইওএম) সহায়তা চেয়েছে। তিনি জানান, ইয়েমেনে বাংলাদেশের দূতাবাস নেই। কুয়েতে থাকা দূতাবাসের মাধ্যমে ইয়েমেনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রাখা হয়। এখন ইয়েমেনে নিযুক্ত বাংলাদেশের সাম্মানিক কনসাল জেনারেল সালেহ আল ঘালিবির সহায়তায় বাংলাদেশের লোকজনের অবস্থার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে সমুদ্রপথে বাংলাদেশের কর্মকর্তাদের ইয়েমেনে পাঠানোর চেষ্টা চলছে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসহাব উদ্দীন গতকাল টেলিফোনে প্রথম আলোকে জানান, ইয়েমেনে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন। এঁদের বেশির ভাগ, অর্থাৎ এক হাজারের মতো রয়েছেন এডেনে। ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণাধীন থাকায় এডেন আপাতত নিরাপদ রয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩০০ বাংলাদেশি নাগরিকের পরিচয় শনাক্ত করা গেছে। তাঁদের তালিকা করে ঢাকায় পাঠানো হয়েছে।
রাষ্ট্রদূত জানান, ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের সহায়তার জন্য কনসাল জেনারেল সালেহ আল ঘালিবির নেতৃত্বে একটি দুর্যোগ ব্যবস্থাপনা সেল গঠন করা হয়েছে। সৌদি জোটের নেতৃত্বে বিমান হামলা শুরুর পর থেকে লোকজনকে দেশটি থেকে সরানোর জন্য সমুদ্রপথ এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ উপায়। তিনি জানান, ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের সহায়তায় কুয়েতে বাংলাদেশ দূতাবাস ও অনারারি কনসালের কয়েকটি হটলাইন চালু করা হয়েছে। হটলাইনগুলো হচ্ছে রাষ্ট্রদূতের দপ্তর (মুঠোফোন: ০০৯৬৫৫০৫৭০৭৫৪, দপ্তর-০০৯৬৫২৪৯১৩২০১), এস এম মাহবুবুল আলম, কাউন্সেলর (মুঠোফোন: ০০৯৬৫৬৪৬৩৪৩৬৩) ও ইয়েমেনে নিযুক্ত কনসাল জেনারেল সালেহ আল ঘালিবি (মুঠোফোন: ০০৯৬৭৭৩৩৮৫৬৯৯৮)।
সৌদি আরবের নেতৃত্বে গত বৃহস্পতিবার থেকে ইয়েমেনের শিয়া বন্দুকধারী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে বিমান হামলা শুরু হয়েছে।
ইয়েমেনের প্রেসিডেন্ট মানসুর হাদির বৈধ সরকারের বিরুদ্ধে হুতির অভিযানের বিরুদ্ধে সোমবার বাংলাদেশ কঠোর নিন্দা জানিয়েছে। ইয়েমেনের জনগণের ওপর হামলার মাধ্যমে সৃষ্ট মানবিক সংকটেরও নিন্দা জানায় বাংলাদেশ। ইয়েমেনের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এবং দেশটির বৈধ কর্তৃপক্ষের ক্ষমতায় পুনর্বহালের পাশাপাশি সে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা সমুন্নত রাখতে সৌদি আরবের সব ধরনের প্রয়াসকে বাংলাদেশ সমর্থন করে।