প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত একটি ভবন পুরান ঢাকার রোজ গার্ডেন। ১৯৩০ সালে নির্মিত এই ভবনটি ঘুরে ঘুরে দেখছিলেন ঢাকাস্থ কানাডা ও ফ্রান্সের দুই রাষ্ট্রদূত। চোখেমুখে তাঁদের মুগ্ধতা। কথা বললেন তাঁরা বাংলাদেশের সবুজ প্রকৃতি নিয়ে। প্রথম আলোর সঙ্গে আলাপকালে জানালেন, বাংলাদেশের মানুষের হাসিমুখ তাঁদের সবচেয়ে মুগ্ধ করে।
২০ মার্চ ফরাসি ভাষাভাষীদের ফ্রাঙ্কোফনি উৎসবকে কেন্দ্র করে আজ সোমবার রোজ গার্ডেনে পর্যটনবিষয়ক একটি আলোচনা সভার আয়োজন করেছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ ও পর্যটনবিষয়ক ম্যাগাজিন ভ্রমণ। ওই অনুষ্ঠানেই এসেছিলেন দুই রাষ্ট্রদূত। তাঁদের সঙ্গে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
বেলা তিনটায় মন্ত্রীর সঙ্গে রোজ গার্ডেন ঘুরে ঘুরে দেখছিলেন দুই রাষ্ট্রদূত। এ সময় তাঁদের রোজ গার্ডেনের ইতিহাস বলছিলেন ভবনটির বর্তমান উত্তরাধিকার লায়লা রাকিব।
রোজ গার্ডেন পুরোনো ঢাকার টিকাটুলিতে একটি ঐতিহাসিক বাড়ি। বাগানে প্রচুর গোলাপগাছ থাকায় এর নাম হয় রোজ গার্ডেন। বাড়ির ভেতরের বাগানে একটি সুদৃশ্য ফোয়ারা আছে। বাড়িটির মূল ভবনের দ্বিতীয় তলায় পাঁচটি কামরা আর একটি বড় নাচঘর আছে। নিচতলায় আছে আটটি কামরা।
বাড়িটির ইতিহাস সম্পর্কে জানতে চাইলে লায়লা রকিব প্রথম আলোকে বলেন, ১৯৩০ সালের প্রথম দিকে জমিদার হৃষিকেশ দাস সাত একর জমির ওপরে এই অট্টালিকাটি নির্মাণ করেন এবং বাড়ির চারপাশে ফুলবাগান ও অন্যান্য গাছগাছালিতে দৃষ্টিনন্দিত পরিবেশ সৃষ্টি করেন। প্রচুর গোলাপ ফুটত বলে এর নাম হয় রোজ গার্ডেন। ১৯৩৬ সালে হৃষিকেশ দাসের কাছ থেকে বিত্তশালী ব্যবসায়ী খান বাহাদুর কাজী আবদুর রশীদ ক্রয়সূত্রে এই সম্পত্তির অধিকারী হন। ১৯৩৭ সালে তিনি সপরিবারে সেখানে বসবাস শুরু করেন এবং রোজ গার্ডেনের নতুন নাম করেন ‘রশীদ মঞ্জিল’।
খান বাহাদুর আবদুর রশিদের ছেলে কাজী আবদুর রকিবের স্ত্রী লায়লা রকিব। বিয়ের পর ১৯৬৪ সালে তিনি এই বাড়িতে এসে বসবাস শুরু করেন।
রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ‘যে রোজ গার্ডেনে আমরা বসে আছি, তার সঙ্গে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য জড়িয়ে আছে। এই বাড়িতে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। এটি এখন ঐতিহ্য। আমরা ছোটবেলা থেকেই এই বাড়িটি দেখছি।’
পরে অনুষ্ঠানের মূল পর্বে আলোচনা করতে এসে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরে রাশেদ খান মেনন বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন দেশের ভেতরে ঘুরছে। আমরা চাইছি, বিদেশের পর্যটকেরা বাংলাদেশে আসুক। এ জন্য ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সময় পর্যটন বর্ষ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের পর্যটন খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী জানতে চাইলে রাশেদ খান মেনন বলেন, অবকাঠামো একটা বড় সমস্যা। বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে কানাডা ও ফ্রান্স সহায়তা দিতে চায় বলেও জানান মন্ত্রী।
ভ্রমণের সম্পাদক আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পর্যটন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসিরউদ্দিন। অনুষ্ঠানে ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত সোফিওবের বলেন, পর্যটনের সঙ্গে ইতিহাস-ঐতিহ্য জড়িত। ফ্রান্স তার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ করে। পাহাড়, সাগর—সবই আছে ফ্রান্সে। আছে সংস্কৃতি। সারা বিশ্বের মানুষ এগুলো দেখতে আসে। বাংলাদেশের কক্সবাজার, কুয়াকাটা, নদনদীও বিশ্ব পর্যটকদের জন্য আকর্ষণ হতে পারে বলে মনে করেন তিনি।
ঢাকাস্থ কানাডার রাষ্ট্রদূত বেনওয়া পিয়েলাহামে বলেন, ‘যেকোনো দেশের পর্যটন সে দেশে সারা দুনিয়ার মানুষকে আনতে পারে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ২০১৭ সালে পর্যটনের জন্য সেরা গন্তব্য হিসেবে কানাডাকে উল্লেখ করেছে। এ বছর কানাডা ফেডারেশনের ১৫০ বছর পূর্তি। আমরা চাইছি সারা দুনিয়ার পর্যটকেরা এ দেশে আসবে।’ বাংলাদেশর পর্যটনের বিষয়ে তিনি বলেন, ‘আমি সড়কপথে এ দেশে ঘুরেছি। এ দেশের বৌদ্ধ মন্দিরগুলো ঘুরে দেখেছি।’
বাংলাদেশের কী কী ভালো লাগে জানতে চাইলে বেনওয়া পিয়েলাহামে বলেন, ‘এ দেশের সবুজ আমাকে মুগ্ধ করে।’ বাংলাদেশের সবচেয়ে কী ভালো লেগেছে জানতে চাইলে তিনি বলেন, ‘মানুষের হাসিমাখা মুখ। আমি এত হাসিমুখ পৃথিবীর আর কোথাও দেখিনি।’ তাঁর পাশে থাকা ফ্রান্সের রাষ্ট্রদূতও এ সময় সমর্থন দেন।