বাংলাদেশিদের ১২১টি জোরপূর্বক বিয়ে ঠেকাল যুক্তরাজ্য
গত বছর বাংলাদেশিদের জোরপূর্বক বিয়ের ১২১টি ঘটনা (ফোর্সড ম্যারেজ) ঠেকিয়েছে যুক্তরাজ্য। গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের ‘ফোর্সড ম্যারেজ ইউনিট’ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৫ সালে যৌথভাবে ফোর্সড ম্যারেজ ইউনিট গঠন করে। যুক্তরাজ্যের নাগরিক এবং যুক্তরাজ্যসহ দ্বৈত্ব নাগরিকদের জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা রোধে সহায়তা দেয় এই ইউনিট।
পরিবার বা অন্য কোনো পক্ষের ইচ্ছায় জোর করে কাউকে বিয়ে দেওয়ার ঘটনাকে জোরপূর্বক বিয়ে হিসেবে গণ্য করা হয়। যুক্তরাজ্যে অভিবাসী পরিবারগুলোতে এমন বিয়ের ঘটনা বেশি। বেশির ভাগ ক্ষেত্রে জোরপূর্বক বিয়ের ঘটনাগুলো ঘটে যুক্তরাজ্যের বাইরে। অনেক বাংলোদেশি অভিভাবক ধর্মীয় কিংবা সংস্কৃতিগত কারণে সন্তানদের বাংলাদেশে নিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করেন, যেখানে সংশ্লিষ্ট পাত্র বা পাত্রীর পছন্দকে গুরুত্ব দেওয়া হয় না। যুক্তরাজ্য জোর করে বিয়ে দেওয়াকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে ফোর্সড ম্যারেজ ইউনিট ১ হাজার ৪২৮টি জোরপূর্বক বিয়ের ঘটনা আটকে দেয়। ৬৯টি দেশের বংশোদ্ভূত নাগরিকদের ক্ষেত্রে এসব ঘটনা সম্পৃক্ত। তবে লক্ষণীয় ব্যাপার হলো, জোরপূর্বক বিয়ের তালিকায় শীর্ষ তিনটি অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত।
পাকিস্তানিদের জোরপূর্বক বিয়ে ঠেকানো হয়েছে ৬১২টি, যা মোট ঘটনার ৪৩ শতাংশ। বাংলাদেশিদের ১২১টি, যা মোট ঘটনার ৮ শতাংশ। তিন নম্বরে থাকা ভারতীয়দের জোরপূর্বক বিয়ের ঘটনা ঠেকানো হয়েছে ৭৩টি বা ৬ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, বন্ধুবান্ধব, তৃতীয় কোনো পক্ষ বা ভুক্তভোগী ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ১ হাজার ৪২৮টি ক্ষেত্রে সহায়তা দেওয়া হয়েছে। তবে জোরপূর্বক বিয়ের প্রকৃত সংখ্যা আরও বেশি হবে। কারণ, ভুক্তভোগী ব্যক্তি অনেক ক্ষেত্রে অভিযোগ করার সুযোগ পান না।
জোরপূর্বক বিয়ে ঠেকাতে ২০১৬ সালের যাদের সহায়তা দেওয়া হয়, তার ২৬ শতাংশের (৩৭১ জন) বয়স ছিল ১৮ বছরের নিচে। আর ৩৪ শতাংশের (৪৯৭ জন) বয়স ছিল ১৮ থেকে ২৫-এর মধ্যে। ভুক্তভোগী ব্যক্তিদের ৮০ শতাংশই ছিলেন নারী।