বাংলাদেশির তালিকায় রোহিঙ্গা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি হিসেবে শনাক্ত করে গত সোমবার মিয়ানমার থেকে কক্সবাজারে ফিরিয়ে আনা ১৫০ জন অভিবাসীর মধ্যে দুজন রোহিঙ্গা। ফিরিয়ে আনা অভিবাসীদের মধ্যে হত্যা ও অস্ত্র মামলার আসামি আছেন দুজন। এদিকে ফিরে আসা ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারছেন না স্বজনেরা। গণমাধ্যমকর্মীদেরও অভিবাসীদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।
পুলিশ সূত্র জানায়, বাংলাদেশি হিসেবে শনাক্ত করে ফেরত আনা দুই রোহিঙ্গা হলেন মো. ইদ্রিস ও হামিদ হোসেন। তাঁরা মানব পাচারের দালাল। ইদ্রিস ও হামিদ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শিবিরের রোহিঙ্গা। তাঁদের বাড়ি মিয়ানমারের আরাকান রাজ্যে। এ ছাড়া ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে কক্সবাজারের কুতুবদিয়ার সাদ্দাম অস্ত্র মামলার আসামি। আর যশোরের উজ্জ্বল হত্যা মামলার আসামি।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ওসি-ডিবি দেওয়ান আবুল হোসেন জানান ইদ্রিস, হামিদ, সাদ্দাম ও উজ্জ্বলকে সদর থানাহাজতে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গত ২১ মে মিয়ানমার উপকূল থেকে ২৮৪ জন অভিবাসীকে উদ্ধার করে সে দেশের নৌবাহিনী। তাঁরা ট্রলারে করে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিলেন। তাঁদের মধ্য থেকে ১৫০ জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে সোমবার ফেরত পাঠানো হয়।
দুজন রোহিঙ্গা কীভাবে বাংলাদেশি হিসেবে শনাক্ত হলো—এ ব্যাপারে বক্তব্য জানতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ মুখ খোলেননি।
মিয়ানমার থেকে ফেরত আনা ১৫০ অভিবাসীকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রাখা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল তাঁদের জিজ্ঞাসাবাদ করে। এ প্রসঙ্গে জানতে চাইলে তোফায়েল আহমদ জানান, ১৫০ জন অভিবাসীর মধ্যে দুজনকে রোহিঙ্গা শরণার্থী ও দুজনকে মামলার পলাতক আসামি হিসেবে শনাক্ত করা হয়েছে। দুই রোহিঙ্গা শরণার্থী মানব পাচারকারী। তিনি জানান, ওই চারজন ছাড়া অন্য অভিবাসীদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, ফেরত আনা অভিবাসীদের মধ্যে মানব পাচারকারীসহ নানা অপরাধী থাকতে পারে। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে তাঁদের (অভিবাসী) কথা বলতে দেওয়া ঠিক হবে না। তাই একটু কড়াকড়ি আরোপ করা হয়েছে। তিনি জানান, আজ বুধবার সকালে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত সব জানানো হবে।
স্বজনদের কান্নাকাটি: গতকাল বেলা ১১টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান ফটকে দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখা যায় লতিফা খাতুন নামের এক নারীকে। তিনি এসেছেন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের হরিখোলা গ্রাম থেকে। লতিফা খাতুন বলেন, ‘সোমবার বেলা ১১টা থেকে অপেক্ষা করছি ছেলে মাহমুদকে দেখার জন্য। কিন্তু এখনো পর্যন্ত দেখা মেলেনি। র্যাব-পুলিশ গেটের ভেতরে ঢুকতে দিচ্ছে না।’
লতিফা বলেন, গত ফেব্রুয়ারিতে স্থানীয় এক দালাল মালয়েশিয়ায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তাঁর ছেলে মাহমুদকে (২০) ট্রলারে তুলে থাইল্যান্ডে পাচার করে। তিনি বলেন, ফেরত আনা ১৫০ জন অভিবাসীর মধ্যে তাঁর ছেলে আছে শুনে তিনি ছুটে আসেন।
লতিফার মতো আরও অনেক ব্যক্তিকে স্বজনদের সঙ্গে দেখা করার জন্য কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের ফটকে অপেক্ষা করতে দেখা যায়।