বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ
সিলেটের জৈন্তাপুর সীমান্তের ওপারে খুন হওয়া বাংলাদেশির লাশ বিএসএফ গতকাল রোববার বিকেলে বিডিআরের উপস্থিতিতে পুলিশের কাছে হস্তান্তর করেছে। গত বৃহস্পতিবার সীমান্তের ওপারে গিয়ে ভারতীয় খাসিয়াদের হাতে খুন হন জৈন্তাপুরের মোহাম্মদ আবদুল্লাহ (৩৫)। এ ঘটনার তিন দিন পর জৈন্তাপুরের লালখাল সীমান্ত এলাকা দিয়ে জৈন্তাপুর থানা পুলিশের হাতে লাশ হস্তান্তর করেন ভারতের জালিয়াখলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা। জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, জৈন্তাপুরের চারঘাট ইউনিয়নের গৌরী গ্রামের হায়াত উল্লার ছেলে মোহাম্মদ আবদুল্লাহর লাশ পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। লাশের ময়নাতদন্ত ভারতীয় পুলিশের মাধ্যমে হয়েছে। বাংলাদেশি পুলিশের জিম্মায় দ্বিতীয় দফা ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।গত বৃহস্পতিবার বিকেলে লালখাল সীমান্তের ৩০ গজ ভেতরে বাগছড়া চা-বাগান এলাকা থেকে খাসিয়ারা আবদুল্লাহকে ধরে নিয়ে যায়।