বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম এলাকার বাসিন্দা জাফর আহাম্মদের লাশ গতকাল শনিবার ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুলিশ ও বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, ফেনীর পরশুরাম পৌর এলাকার দক্ষিণ বাউর পাথর গ্রামের মফজল মিয়ার ছেলে জাফর গত শুক্রবার সকালে বিলোনিয়া সীমান্ত দিয়ে ভারতে যান। তাঁর শ্বশুরবাড়ি ভারতের আমজাদ হাট এলাকায়। সেখানে জলপাই পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। শ্বশুরবাড়ির লোকজন তাঁর বাড়িতে খবর দেন। স্থানীয় লোকজন লাশ ফেরত আনার চেষ্টা করে ব্যর্থ হলে এলাকায় গুজব রটে জাফরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মজুমদার হাট ক্যাম্প বিজিবি বিষয়টি বিএসএফকে জানায়। উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠক শেষে শনিবার ভোর পাঁচটার দিকে জাফরের লাশ তাঁর ভাই জসিম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়।