বাংলাদেশির লাশ হস্তান্তর করল বিএসএফ
প্রায় ৩৬ ঘণ্টা পর যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবক মনিরুল ইসলামের (২৫) লাশ হস্তান্তর করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বুধবার রাত ১০টার দিকে বিজিবি সদস্যদের কাছে এ লাশ হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে শার্শা উপজেলার বালুন্ডা গ্রামে পারিবারিক কবরস্থানে মনিরুলের লাশ দাফন করা হয়।
এদিকে আজ দুপুরে বিজিবির বেনাপোল ক্যাম্পে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে বৈঠক হয়। এতে বিএসএফ এর ৪০ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট কৃপা শুল্কা আবারও হত্যার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, এ ধরনের আর কোনো হত্যাকাণ্ড ঘটবে না বলে বিএসএফের পক্ষ থেকে অঙ্গীকার করা হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার মধ্যরাতে পুটখালী সীমান্তে ভারত থেকে আসা গরুর জন্য অপেক্ষা করছিলেন গরু ব্যবসায়ী মনিরুলসহ কয়েকজন। তখন বিএসএফ ধাওয়া করে মনিরুল ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যান। পরে মনিরুলকে গুলি করে লাশ ইছামতী নদীতে ফেলে দেওয়া হয়। পরে সেখান থেকে ভারতীয় পুলিশ লাশ উদ্ধার করে পশ্চিমবঙ্গের বনগাঁ সরকারি হাসপাতালে নিয়ে যায়। গতকাল লাশ হস্তান্তরের সময় বিএসএফের সঙ্গে ভারতীয় পুলিশও ছিল।
আজ বৈঠক শেষে বিজিবির ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, সীমান্তে আর কোনো হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি ঘটবে না বলে বিএসএফের পক্ষ থেকে ‘অঙ্গীকার’ করা হয়েছে।
এমন ‘অঙ্গীকার’ রক্ষা হবে কি না—প্রশ্ন করলে আবদুর রহিম বলেন, ‘সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা ঘটলে প্রত্যেকবার পতাকা বৈঠক হয়। প্রত্যেকবারই বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। সীমান্তে আর হত্যা হবে না বলে তাঁরা অঙ্গীকার করেন। তারপরও হত্যাকাণ্ড ঘটেই যায়।’