বাংলাদেশির শিরশ্ছেদ ঠেকাতে টাকা দেবেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতে এক ভারতীয় নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চট্টগ্রামের কফিল উদ্দিনকে বাঁচাতে রক্তঋণ হিসেবে ৪৪ লাখ টাকা পরিশোধ করবেন ব্যবসায়ীরা। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।জানা যায়, আগামী ৬ ফেব্রুয়ারি দুবাইয়ের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কফিল উদ্দিনের মৃত্যুদণ্ড-সংক্রান্ত আপিলের রায় ঘোষণা করবেন। রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকলে সে দেশের নিয়ম অনুযায়ী শিরশ্ছেদের মাধ্যমে তা কার্যকর করা হবে।নিহত ওই ব্যক্তির নাম পোরকারাম কুমার। নিহত ওই ভারতীয় নাগরিকের পরিবার বলেছে, রক্তঋণ হিসেবে ৪৪ লাখ টাকা দিলে তাঁরা খুনিকে ক্ষমা করবেন। কফিল উদ্দিনকে বাঁচাতে জেলা প্রশাসকের ডাকে সাড়া দিয়েছে চট্টগ্রামের শিল্প গ্রুপ পিএইচপি, এস আলম, টিকে গ্রুপ, এমইবি গ্রুপ, বিএমএস গ্রুপসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান। সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়েছে ব্যবসায়ীদের দুটি সংগঠন চট্টগ্রাম চেম্বার ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার।জানা গেছে, আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক এহছানে এলাহী এ ব্যাপারে ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় সাধন করেন।চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল আলম মজুমদার বলেন, বৈঠক থেকে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহছান এলাহী এবং আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির উদ্দিন শিল্পপতিদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেন। শিল্পপতিদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে ২৯ লাখ ২০ হাজার টাকা পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গেছে। তিনি জানান, শীর্ষস্থানীয় শিল্প গ্রুপের মধ্যে পিএইচপি, এস আলম ও টিকে গ্রুপ পাঁচ লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এমইবি গ্রুপ ও বিএমএস গ্রুপ দুই লাখ টাকা করে এবং আ জ ম নাছির উদ্দিন এক লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।টাকা আদায়ে জেলা প্রশাসক ফয়েজ আহম্মদকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।মৃত্যুদণ্ডপ্রাপ্ত কফিল উদ্দিনের (৩০) বাড়ি নগরের চান্দগাঁও থানার মাইজপাড়া এলাকায়।কফিলের বড় ভাই জামাল উদ্দিন জানান, ২০০৫ সালের ১১ আগস্ট একসঙ্গে চাকরি ও বসবাসকারী ভারতের রাজস্থানের নাগরিক পোরকারাম কুমার মদ্যপ অবস্থায় কফিলকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে কফিল পোরকারামকে ছুরিকাঘাতে হত্যা করেন। তিনি জানান, আর্থিক অনটনের কারণে পরিবারের পক্ষে রক্তঋণ বাবদ কোনো টাকা দেওয়া সম্ভব নয়।রায় ঘোষণার পর বাংলাদেশ দূতাবাস মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করার আবেদন জানায়। ভারতীয় দূতাবাস মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করার জন্য তাদের নাগরিকের রক্তের ঋণ নির্ধারণ করে বাংলাদেশি টাকায় ৪৪ লাখ টাকা।