বাংলাদেশিরা মালয়েশিয়ায় পৌঁছে বনে যায় রোহিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ড থেকে মুক্তিপণ দিয়ে মালয়েশিয়া পৌঁছেই যাত্রীদের গ্রেপ্তার-আতঙ্কে থাকতে হয়। ধরা পড়লে বলতে হয় মিয়ানমারের নাগরিক—রোহিঙ্গা। বাংলাদেশিরাও পুলিশের হাতে ধরা পড়লে বলেন, রোহিঙ্গা।রোহিঙ্গা বললে কয়েক মাসের জন্য পাঠানো হয় কারাগারে। তারপর মানবিক কারণে একসময় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। আর বাংলাদেশি বললে কারাগারে ফেলে রাখা হয়। ট্রলারের মাঝি ও দালাল ও মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে চাকরি করেন কক্সবাজার জেলার টেকনাফের শীলবুনিয়াপাড়ার তরুণ কেফায়েত উল্লাহ। চার বছর পর সম্প্রতি তিনি দেশে ফিরেছেন। তিনি জানান, সমুদ্রপথে যারা মালয়েশিয়া যাচ্ছেন, তাঁদের সবাইকে থাইল্যান্ডে আটকে রেখে লাখ দেড়েক টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। মালয়েশিয়ার কিছু দালাল আটকে পড়া লোকজনকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনে। তারপর মালয়েশিয়ার বিশাল সয়াবিনবাগানে শ্রমিকের কাজে নিয়োগ দেওয়া হয়। তখন মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসার কোনো উপায় থাকে না। অনেকে কারাগারে পড়ে থাকেন বছরের পর বছর। বৈধপথে মালয়েশিয়া আসতে নানা বিড়ম্বনা ও হয়রানির কারণে দেশের গরিব লোকজন সমুদ্রপথে পা বাড়িয়ে বিপদে পড়ছেন বলে মন্তব্য করেন ওই তরুণ।মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি আগামী জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমদ খান জানিয়েছেন। এ ক্ষেত্রে শ্রমিকদের মাথাপিছু ৪০ হাজার করে টাকা লাগতে পারে।অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘নানা অনিয়মের কারণে মালয়েশিয়া দীর্ঘ চার বছর বাংলাদেশের শ্রমবাজার বন্ধ রেখেছিল। দীর্ঘ কূটনৈতিক যোগাযোগের পর আমরা এ বাজার চালু করতে সক্ষম হয়েছি। এখন সরকারিভাবে মালয়েশিয়া বাংলাদেশ থেকে লোক নেবে। কাজেই, অবৈধ কোনো পন্থায় বাংলাদেশ থেকে যেন কোনো লোক দেশটিতে না যায়। এ ব্যাপারে সবার আগে বিদেশগামীদের সচেতন হতে হবে।কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমুদ্রপথে আদম পাচার বন্ধে প্রশাসনকে সতর্ক করা হয়েছে। বিশেষ করে রোহিঙ্গাদের গতিবিধির ওপর নজরদারি বাড়াতে কক্সবাজারের জেলা ও পুলিশ প্রশাসনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে।জেলা প্রশাসক রুহুল আমিন জানান, সমুদ্রপথে আদম পাচার বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও কোস্টগার্ডকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু দালালকে ধরা হয়েছে।টেকনাফ কোস্টগার্ড বাহিনীর এক কর্মকর্তা জানান, উপকূল থেকে ২০০ থেকে ২৫০ কিলোমিটার দূরে বহির্নোঙরে থাকা বিদেশি জাহাজগুলো নজরদারিতে রাখা হচ্ছে। বিশাল সমুদ্র এলাকায় রাতের অন্ধকারে পাচার তৎপরতা চলে বলে প্রতিরোধ করা সম্ভব হয় না।টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি জমানোর জন্য সীমান্ত দিয়ে রোহিঙ্গারা টেকনাফে অনুপ্রবেশ করছে। বিজিবির সদস্যদের হাতে প্রতিদিন অসংখ্য রোহিঙ্গা ধরা পড়ছে। তার পরও সাগরে মাছ ধরার ছলে রাতে বহু রোহিঙ্গা মালয়েশিয়াগামী ট্রলারে উঠে পড়ছে। (শেষ)