বাংলাদেশিরা সবচেয়ে আশাবাদী
বাংলাদেশের মানুষ নতুন বছরটি নিয়ে সবচেয়ে আশাবাদী। আর দেশের অর্থনীতি নিয়ে আশাবাদের বেলায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয় স্থানে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান গ্যালাপ ইন্টারন্যাশনাল এবং সুইজারল্যান্ডের গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওয়াইড ইনডিপেনডেন্ট নেটওয়ার্ক অব মার্কেট রিসার্চের যৌথ জরিপে বাংলাদেশের এমন ইতিবাচক অবস্থানের খবর পাওয়া গেছে।
নতুন বছরটি (২০১৬) কেমন যাবে?—এমন প্রশ্ন রাখা হয় বিশ্বের ৬৮টি দেশের ৬৬ হাজার ৪০ জন মানুষের কাছে। তাঁদের কাছ থেকে পাওয়া উত্তরের ভিত্তিতে জরিপের ফল প্রকাশ করা হয়।
জরিপে দেখা গেছে, আশাবাদের সূচকে (হোপ ইনডেস্ক) বাংলাদেশের অবস্থান বিশ্বের সবার ওপরে। এই সূচকে বাংলাদেশের স্কোর ৭৪ শতাংশ। এ ক্ষেত্রে বাংলাদেশের পরেই আছে চীন (৭০ শতাংশ) ও নাইজেরিয়া (৬৮ শতাংশ)। শীর্ষ ১০-এ থাকা অপর দেশগুলো হলো ফিজি (৬১ শতাংশ), মরক্কো (৫৭ শতাংশ), সৌদি আরব (৫৬ শতাংশ), ভিয়েতনাম (৫৫ শতাংশ), আর্জেন্টিনা (৫৩ শতাংশ), ভারত (৪৭ শতাংশ) এবং পাকিস্তান (৪২ শতাংশ)।
অর্থনীতি নিয়ে আশাবাদের সূচকে শীর্ষে আছে নাইজেরিয়া (৬১ শতাংশ)। এ তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশের স্কোর ৬০ শতাংশ। তালিকার শীর্ষ ১০টি দেশের মধ্যে অন্যগুলো হলো: চীন (৫৪ শতাংশ), ভিয়েতনাম (৫৩ শতাংশ), পাকিস্তান (৫০ শতাংশ), ভারত (৪৪ শতাংশ), মরক্কো (৪৪ শতাংশ), ফিজি (৩৯ শতাংশ), সৌদি আরব (৩২ শতাংশ) ও আর্জেন্টিনা (২৮ শতাংশ)।
জরিপে বলা হয়েছে, বিশ্বের প্রতি দুজন মানুষের মধ্যে একজন বিশ্বাস করেন গত বছরের তুলনায় চলতি বছরটি ভালো যাবে। শতকরা ১৬ শতাংশ মানুষ ভাবেন, গত বছরের তুলনায় এ বছর আরও খারাপ যাবে। আর ২৪ শতাংশ মানুষের মত, ২০১৫ এর মতোই যাবে ২০১৬।