বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্ট বারাক ওবামা নির্বাহী ঘোষণার মাধ্যমে মার্কিন অভিবাসনব্যবস্থা পুনর্বিন্যাসের যে সিদ্ধান্ত ঘোষণা করেছেন, তার ফলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া থেকে আসা কয়েক লাখ অবৈধ অভিবাসী আইনগতভাবে বসবাস ও কর্মের সুযোগ পাবেন বলে অভিবাসন আইনজীবীরা মত দিয়েছেন। প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় তাঁরা বলেন, শুধু দক্ষিণ আমেরিকা (অর্থাৎ মেক্সিকো ও অন্যান্য লাতিন আমেরিকার দেশ) থেকে আসা বহিরাগতরা এই আইনের আওতায় পড়বেন, তা মোটেও সত্য নয়। বহিরাগত নাগরিক, তিনি যে দেশ বা অঞ্চল থেকেই এসে থাকুন না কেন, ওবামার উল্লিখিত শর্ত পূরণ সাপেক্ষে তাঁরা সবাই অভিবাসনের সুযোগ পাবেন।
প্রেসিডেন্ট ওবামা নির্বাহী নির্দেশনার মাধ্যমে যে সিদ্ধান্ত নিয়েছেন, তার ফলে মোট ৫০ লাখ অবৈধ অভিবাসী লাভবান হবেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের মধ্যে ৩৭ লাখ এমন অভিবাসী, যাঁরা কমপক্ষে পাঁচ বছর এ দেশে বসবাস করছেন, যাঁদের এ দেশে জন্মগ্রহণকারী সন্তানসন্ততি রয়েছে এবং যাঁরা কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত নন। এ ছাড়া আরও প্রায় ১৫ লাখ অভিবাসী, যাঁরা অপ্রাপ্তবয়স্ক বালক-বালিকা হিসেবে আমেরিকায় ২০১০ সালের আগে প্রবেশ করেছে, তারাও একই সুবিধা ভোগ করবে। বৈধ হিসেবে বসবাস ও কর্মের সুযোগ পেলেও এ ঘোষণার ফলে তাঁরা নাগরিকত্বের সুযোগ পাবেন না। সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের একমাত্র এখতিয়ার রয়েছে মার্কিন কংগ্রেসের।
প্রেসিডেন্ট ওবামার নির্বাহী ঘোষণার ফলে দক্ষ শ্রমিক ও কর্মজীবীরা তাঁদের কর্মস্থল পরিবর্তনে সক্ষম হবেন। এসব দক্ষ শ্রমিকের জন্য ভিসাব্যবস্থা শিথিল করার কথাও ওবামা ঘোষণা করেন। অধিকাংশ অভিবাসন আইনজীবী মনে করেন, বাংলাদেশ ও ভারত থেকে আসা দক্ষ শ্রমিক, বিশেষত যাঁরা তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে কর্মরত, তাঁরা এর ফলে বিশেষ সুবিধা ভোগ করবেন।
হিউস্টন, টেক্সাসের খ্যাতনামা অভিবাসন আইনজীবী গর্ডন কুয়ান প্রথম আলোকে জানান, ভারত বা বাংলাদেশ থেকে আসা কতসংখ্যক বহিরাগত বা কারা এ ঘোষণায় লাভবান হবেন, এই মুহূর্তে তা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়। প্রেসিডেন্ট ওবামা তাঁর ঘোষণায় এ ব্যাপারটি খোলাসা করেননি, ইঙ্গিত দিয়েছেন মাত্র। কুয়ান আশা প্রকাশ করেন, কয়েক দিনেই ব্যাপারটি পরিষ্কার হবে। তবে ওবামার ভাষণ থেকে যা স্পষ্ট তা হলো, তথ্যপ্রযুক্তির মতো ক্ষেত্রে কর্মরত বাংলাদেশিরা হয় অভিবাসন সুবিধা পাবেন, অথবা শ্রমচুক্তি নবায়নে সক্ষম হবেন। ‘এমপ্লয়মেন্ট সার্টিফিকেশন’-এর নতুন ব্যবস্থার ফলে এসব বহিরাগতের এক শহর থেকে অন্য শহরে চাকরি অনুসন্ধানও সহজতর হবে। গর্ডন কুয়ান জানান, যেসব বাংলাদেশি ব্যবসায়ের সঙ্গে জড়িত, তাঁদেরও এ নির্দেশ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারত উপমহাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের সংখ্যা সুনির্দিষ্টভাবে বলা কঠিন। অধিকাংশ বিশেষজ্ঞের ধারণা, তা পাঁচ লাখের অধিক হবে, যার অধিকাংশই ভারত ও পাকিস্তান থেকে আসা। ২০১০ সালের মার্কিন জনগণনামতে, বাংলাদেশি বংশোদ্ভূত এমন মার্কিন নাগরিকের সংখ্যা প্রায় দেড় লাখ। তবে অবৈধ অভিবাসীদের যুক্ত করলে এ সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যাবে। ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে আমেরিকায় বসবাসরত বাংলাদেশির সংখ্যা মার্কিন জনগণনামতে প্রায় ১৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।