যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের অবিলম্বে বহিষ্কারের লক্ষ্যে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীরাও এই অভিযানের মধ্যে পড়তে পারেন।
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট দপ্তরের ওই অভিযানে প্রথম পর্যায়ে দক্ষিণ আমেরিকা থেকে আসা অভিবাসীদের ঘরে ঘরে গিয়ে একরকম জোর করেই তাদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর বলছে, শুধু ২০১৪ সালেই এক লাখ অবৈধ অভিবাসী সে দেশে প্রবেশ করেছে। এর মধ্যে বিপুলসংখ্যক শিশু-কিশোর রয়েছে। তাদের সবাইকে পর্যায়ক্রমে বহিষ্কার করা হবে।
নাগরিক অধিকার সংস্থা ‘ড্রাম’ জানিয়েছে, তিন ধরনের অভিবাসী এই অভিযানের লক্ষ্যবস্তু হতে পারে। প্রথমত, ইতিমধ্যে যাদের নামে উচ্ছেদ নোটিশ বা ডিপোর্টেশন অর্ডার জারি হয়েছে। দ্বিতীয়ত, ২০১৪ সালের জানুয়ারির পর আদালতের সমন পাওয়া সত্ত্বেও যারা হাজিরা দিতে ব্যর্থ হয়েছে। তৃতীয়ত, যাদের বৈধ ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে।
যেসব পাড়ায় অভিবাসীদের ঘন বসতি, সেখানে অভিবাসন দপ্তরের সদস্যরা পরিকল্পিতভাবে অভিযান শুরু করেছেন বলে জানিয়েছে ড্রাম। এই অভিযানকে ‘এক ধরনের সন্ত্রাস’ হিসেবে বর্ণনা করেছে নাগরিক অধিকার সংস্থাটি।
ড্রামের অন্যতম কর্মকর্তা ফৌজিয়া খান প্রথম আলোকে বলেন, নিউইয়র্কের বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকায় এই অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের অন্যান্য শহর থেকেও তারা (ড্রাম) বহিষ্কার অভিযানের খবর পেয়েছেন।
ফৌজিয়া বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারে আটক রয়েছেন—এমন বাংলাদেশি অভিবাসীরাও এখন বহিষ্কৃত হতে পারেন। অনশন ধর্মঘটের পর কাগজপত্রবিহীন কোনো কোনো বাংলাদেশি সাময়িকভাবে ছাড়া পেয়েছেন। ড্রামের তথ্যমতে, এখনো বিভিন্ন কারাগারে প্রায় ৭০০ জন বাংলাদেশি আটক রয়েছে।