বাংলাদেশিসহ দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ দিয়ে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) কাছ থেকে তথ্য ফাঁস করার এক মামলায় বিএনপি-সমর্থক রিজভী আহমেদ ওরফে সিজারকে (৩৬) ৪২ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। বাংলাদেশের এক শীর্ষস্থানীয় রাজনীতিবিদের তথ্য ফাঁস এবং আরেক রাজনীতিবিদের বিরুদ্ধে চলমান মামলা খারিজের চেষ্টার মামলায় এ সাজা হলো।
একই মামলায় অভিযুক্ত মার্কিন নাগরিক জোহানেস থেলারকে ৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
গত বুধবার নিউইয়র্কের হোয়াইট প্লেইন্সে অবস্থিত ফেডারেল কোর্টের জজ ভিনসেন্ট এল ব্রিসেটি এ রায় দেন। বর্তমানে জামিনে থাকা রিজভী আহমেদকে আগামী ২০ এপ্রিলের মধ্যে কারাগারে প্রতিবেদন দিতে হবে। এ মামলার মূল আসামি এফবিআইয়ের সাবেক স্পেশাল এজেন্ট রবার্ট লাস্টিকও দোষ স্বীকার করেছেন।
কানেটিকাট অঙ্গরাজ্যের ডেনবারির বাসিন্দা যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি ও জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনের পুত্র রিজভী আহমেদ। তিনি বাংলাদেশে ক্ষমতাসীন দলের একজন গুরুত্বপূর্ণ নেতার ‘সন্দেহজনক তৎপরতা’সহ ব্যক্তিগত গোপনীয় তথ্য পাওয়ার জন্য মাসিক ৩০ হাজার মার্কিন ডলার দেওয়ার চুক্তি করেন এফবিআইয়ের স্পেশাল এজেন্ট লাস্টিকের সঙ্গে। এ জন্য মধ্যস্থতা করেন কানেটিকাট অঙ্গরাজ্যের নিউ ফেয়ারফিল্ডের অধিবাসী থেলার। মাসিক চুক্তির ভিত্তিতে এককালীন ৪০ হাজার ডলার দিতে হয় লাস্টিক ও থেলারকে। এরপর লাস্টিক বিচার বিভাগীয় কম্পিউটার থেকে বাংলাদেশের ওই রাজনীতিকের যাবতীয় তথ্য দেন সিজারকে। এরপর রিজভী বিএনপির এক শীর্ষ নেতার বিরুদ্ধে চলমান গুরুতর অপরাধের মামলা খারিজ করার জন্য মার্কিন প্রভাব খাটানোর জন্য চুক্তি করেন। তবে এ কাজ করতে গিয়ে সিজারের সঙ্গে লাস্টিকের বিরোধ তৈরি হয় মূলত অর্থ লেনদেন নিয়ে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের সেপ্টেম্বর থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত বিচার বিভাগের গোপন তথ্য পাচারের ঘটনা ঘটেছে। মামলার নথিতে আরও দেখা গেছে, আওয়ামী লীগের ওই নেতার ব্যক্তিগত গোপন তথ্য, ওই নেতার সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করার পর ওই নেতাকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি ওই নেতার ঘনিষ্ঠদের হেয় করার চেষ্টায় রিজভী আহমেদ এ ষড়যন্ত্রে লিপ্ত হয়।