বাংলাদেশিসহ ১৬ অভিবাসন প্রত্যাশীকে ফিরিয়ে দিল অস্ট্রেলিয়া
সাগরপথে যাওয়া বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসনপ্রত্যাশীকে ফিরিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। পরে ইন্দোনেশিয়ার উপকূল থেকে তাঁদের উদ্ধারের পর আটক করা হয়েছে। অস্ট্রেলিয়ার ওই কঠোর অবস্থানের নিন্দা জানিয়েছে ইন্দোনেশিয়া। খবর এএফপির।
সমুদ্রপথে আসা শরণার্থীদের পুনর্বাসনে অস্বীকৃতি জানিয়ে আসছে অস্ট্রেলিয়া। কড়া সমালোচনা সত্ত্বেও এমন অভিবাসীদের নৌযানগুলো অস্ট্রেলিয়ার উপকূলে ভেড়ার আগেই ফিরিয়ে দেওয়া হচ্ছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের তিমুর দ্বীপের তাবলোলং পুলিশের মুখপাত্র জুলেস আব্রাহাম আবাস জানান, ভারতের ১৩ জন, নেপালের দুজন ও বাংলাদেশের একজন অভিবাসীকে বহনকারী একটি নৌযান গত বৃহস্পতিবার তাঁদের উপকূলে ভেড়ে। ওই অভিবাসীদের পাশাপাশি নৌযানটির ক্যাপ্টেনকেও আটক করা হয়েছে।
নৌযানটিতে থাকা বাংলাদেশি মোহাম্মদ আনোয়ার (২২) সাংবাদিকদের বলেছেন, তাঁদের নৌযানটি অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছিল। এ জন্য প্রত্যেককে পাঁচ হাজার ডলার করে দিতে হয়। কিন্তু ক্রিসমাস দ্বীপের কাছে পৌঁছার পর তাঁদের ফিরিয়ে দেয় অস্ট্রেলিয়ার নৌবাহিনী। তিনি বলেন, ‘আমরা চার দিন ক্রিসমাস দ্বীপের কাছে কাটিয়েছি। কিন্তু অস্ট্রেলিয়ার নিরাপত্তাকর্মীরা আমাদের ইন্দোনেশিয়ায় ফিরে যেতে বলেন। কারণ, অস্ট্রেলিয়ার সরকার অবৈধ অভিবাসীদের নিতে অস্বীকৃতি জানাচ্ছে।’
ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা আনতারা জানায়, উপকূলে আসার পর নৌযানটির জ্বালানি ফুরিয়ে যায়। তখন আরোহীরা সাহায্যের জন্য চিৎকার দেন। এরপর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান ক্লেইব গতকাল সাংবাদিকদের বলেন, ‘অস্ট্রেলিয়ার মতো কিছু দেশ এ বিষয়ে আমাদের সঙ্গে কাজ না করে একতরফা সিদ্ধান্ত নিয়ে নৌযানগুলো ফিরিয়ে দিচ্ছে। এতে আমরা উদ্বিগ্ন।’
ব্যাংককে আঞ্চলিক সম্মেলন: সাগরপথে অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে আগামী ৪ ডিসেম্বর আঞ্চলিক সম্মেলন ডেকেছে থাইল্যান্ড। এতে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের প্রতিনিধিরাও সম্মেলনে থাকবেন। সম্মেলনে অবৈধ অভিবাসী হওয়ার ‘গোড়ার কারণগুলো’ সামলাতে ঢাকা ও নেপিডোকে চাপ দেওয়া হতে পারে।