বাংলাদেশে অত্যাচারীদের কোনো স্থান নাই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্যের কবি, মানবতার কবি। কবি নজরুলের গান ও কাব্যে অগণতন্ত্র ও অত্যাচারীদের স্থান ছিল না, তেমনি বাংলাদেশে অত্যাচারীদের কোনো স্থান নাই।
আজ শনিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা সংবিধান লঙ্ঘন করে, মানবাধিকার লঙ্ঘন করে, তাদের বিরুদ্ধে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। মানবতার যে জয়গান কবির কণ্ঠে ধ্বনিত হয়েছিল, সেই জয়গান যেন আমরা মানবতার জয়গান হিসেবে ধারণ করতে পারি।’ তিনি বলেন, ‘গণতন্ত্রকে বাদ দিয়ে বাংলাদেশের সংবিধান সম্ভব নয়। যারা সংবিধান লঙ্ঘন করে, তাদের আমরা জাতিগতভাবে ঘৃণার চোখে দেখব। যারা পবিত্র কোরআন শরিফ পুড়িয়েছে, তারা বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে।’
জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে নজরুল স্মারক বক্তা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার আশরাফ হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিউর রহমান, সাংসদ রেজা আলী ও এম আমান উল্লাহ, পুলিশ সুপার মইনুল হক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নাজিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আবদুল মতিন সরকার।
নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল রোববার ময়মনসিংহ সদর, ত্রিশাল ও মুক্তাগাছা উপজেলা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সেক্রেটারি আবু ওয়াহাব আকন্দ।