বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী
বাংলাদেশে অসাম্প্রদায়িক ইতিহাসচর্চার ধারা ক্ষীণ
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলাদেশে অসাম্প্রদায়িক ও গণমুখী ইতিহাসচর্চার ধারা ক্ষীণ। অথচ মুক্তিযুদ্ধের মূল চেতনাই অসাম্প্রদায়িকতা ও গণমুখিতা। এখানে যেসব একাডেমিক প্রতিষ্ঠান রয়েছে, তাদের ইতিহাসচর্চায়ও এ দুটি উপাদানের অভাব খানিকটা রয়েছে।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। সংগঠনের প্রথম ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আসাদুজ্জামান নূর বলেন, ‘স্কুল-কলেজে শিক্ষার্থীদের ইতিহাস পাঠে শিক্ষকদের আন্তরিকতার অভাব যেমন রয়েছে, তেমনি রয়েছে ধারণাগত সমস্যা। পুঁথিগতবিদ্যায় সীমাবদ্ধ থাকলে শিক্ষার্থীরা সঠিক ইতিহাস জানতে পারবে না। পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিভিন্ন ধরন আমাদের মনোজগৎ থেকে সম্পূর্ণ বিতাড়িত হয়নি। কিছু রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গি ও কর্মকাণ্ডে আমরা সেই ঔপনিবেশিক শাসনের চিহ্ন দেখতে পাই, যা আশঙ্কার কারণ। উদাহরণ হিসেবে পৃথিবীর কোথাও কোনো রাজনৈতিক দল মানবতাবিরোধী অপরাধ বা যুদ্ধাপরাধ সমর্থন করেনি। কিন্তু এ দেশে করেছে।’
মন্ত্রী বলেন, তারা ইতিহাস বিকৃত করেছে, যা অপরাধ। এর কারণ সঠিক ইতিহাস না পড়ানো এবং তা চর্চা না করা। এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব অস্বীকার করা যায় না। কিন্তু ইতিহাসবিদদেরও দায়িত্ব রয়েছে। ইতিহাস না জানলে ভবিষ্যতের পথরেখা নির্দেশ করা দুরূহ। ইতিহাস নিরপেক্ষ হয় কি না, সেটা নির্ণয় করবে ঐতিহাসিকেরা। যদি নিরপেক্ষ হতো, তবে ইতিহাস সম্মিলনীর অসাম্প্রদায়িক ও গণমুখী ইতিহাসচর্চার স্লোগানের প্রয়োজন হতো না।
বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পাঠ ইস্যুতে কাজ করতে গিয়ে নানা জটিলতার মুখোমুখি হয়েছেন বলে অভিযোগ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা না পাওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক মেসবাহ কামাল। শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে তৌহীদ রেজা নূর, সাংবাদিক-কবি সেলিনা পারভিনের ছেলে সুমন জাহিদ, সাংবাদিক নিজামুদ্দীন আহমদের ছেলে শাফকাত নিজাম তাঁদের বাবার স্মৃতি তুলে দেন খুলনার গণহত্যা স্মৃতি জাদুঘরে।
পরে বিভিন্ন কক্ষে সাহিত্য, উন্নয়ন ও তথ্যপ্রযুক্তি, সমাজ ও সংস্কৃতি, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও বহির্বিশ্ব এবং প্রতিষ্ঠান ও সংরক্ষণ শিরোনামে আলাদা ছয়টি অধিবেশনে ৪০টির বেশি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এ সম্মেলনে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের
প্রায় ২০০ জন প্রতিনিধি অংশ নেন।
কর্ম অধিবেশনে অধ্যাপক মুনতাসীর মামুনকে সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মাহবুবর রাহমানকে সাধারণ সম্পাদক করে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়।