বাংলাদেশে আইএস নেই: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অস্তিত্ব থাকার সম্ভাবনা আবারও নাকচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে গতকাল রোববার গণভবনে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী বলেন, দেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনার উদ্দেশ্য প্রাথমিকভাবে অভ্যন্তরীণ বলে তদন্তে তথ্য মিলেছে। খবর বাসসের।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি-বিষয়ক পরবর্তী আন্ডার সেক্রেটারি টমাস শ্যানন ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো আইএস নেই। ব্লগার ও বিদেশি নাগরিকদের হত্যাকারীদের কয়েকজনকে গ্রেপ্তার করতে উল্লেখযোগ্য সাফল্যের প্রমাণ দিয়েছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো।
মার্কিন প্রতিনিধিদলে আরও ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল, দক্ষিণ এশিয়া-বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মনপ্রিত সিং আনন্দ এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ওই সাক্ষাতের ব্যাপারে সাংবাদিকদের জানিয়েছেন। সন্ত্রাসবাদ নিয়ে আলোচনাকালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে যেকোনো ধরনের সন্ত্রাসবাদ ও কট্টরপন্থার নিন্দা করে।
টমাস শ্যানন সন্ত্রাস দমনে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন এবং এটিকে একটি বৈশ্বিক সমস্যা আখ্যা দেন। জলবায়ু প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বাংলাদেশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ শতাংশের বেশি ব্যয় করার অঙ্গীকার করেছে। গত ছয় বছরে এ দেশে দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে ২২ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে।
বঙ্গবন্ধুর খুনিদের যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরত আনার প্রসঙ্গ উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জবাবে টম শ্যানন বলেন, তিনি দেশে ফিরে গিয়ে বিষয়টি নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করবেন।
কৌশিক বসুর সাক্ষাৎ: বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। তিনি গত কয়েক বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করে বলেন, ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি ধরে রাখার ঘটনা বিশ্বে বিরল। খবর বাসসের।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কৌশিক বসু বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেসরকারি খাতকে অগ্রাধিকার দিয়েছে। পল্লি অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন খুবই জরুরি। এ জন্য পল্লি সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মসিউর রহমান, মুখ্য সচিব আবুল কালাম আজাদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে গতকাল সৌজন্য সাক্ষাতের সময় তাঁকে একটি সুদৃশ্য নৌকা উপহার দেন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায় l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে গতকাল সৌজন্য সাক্ষাতের সময় তাঁকে একটি সুদৃশ্য নৌকা উপহার দেন ভারতের ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল তথাগত রায় l ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

তথাগত রায়ের সাক্ষাৎ: ভারতের ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ব্যাপারে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ঢাকা-আগরতলা বাস সার্ভিস চালু করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তথাগত রায়। এ ছাড়া তিনি পদ্মা সেতুর নির্মাণকাজ উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন।
সাক্ষাৎকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিপুরার সরকার ও জনগণের ভূমিকা ও সমর্থনের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত ভারতীয় সৈনিকদের স্মরণে কুষ্টিয়ায় নির্মিত একটি স্মৃতিসৌধ উদ্বোধন করতে বাংলাদেশ সফরে এসেছেন ত্রিপুরার রাজ্যপাল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, প্রস্তাবিত বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল সড়ক যোগাযোগ স্থাপিত হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা জোরদার হবে এবং আঞ্চলিক যোগাযোগের দুয়ার খুলে যাবে।