
বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএসের ‘বড় ধরনের উপস্থিতি’ নেই বলে মনে করেন ভারতের সাবেক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা লে. জে. আতা হাসনাইন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস-বিস) আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিস মিলনায়তনে ‘দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ দমনের চ্যালেঞ্জ’ নিয়ে প্রায় এক ঘণ্টা বক্তৃতা করেন ভারতের সাবেক এই সেনা কর্মকর্তা। এরপর অতিথিদের প্রশ্নের উত্তর দেন কাশ্মীর, পাঞ্জাব, নাগাল্যান্ড ও শ্রীলঙ্কায় তামিল বিচ্ছিন্নতাবাদী বিরোধী অভিযানে নেতৃত্বদানকারী আতা হাসনাইন।
আইএস নিয়ে ভারতীয় সাবেক এই সেনা কর্মকর্তা এমন এক সময় এ মন্তব্য করেছেন, যখন দুই বিদেশি হত্যার পর থেকে বাংলাদেশে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠনটির উপস্থিতি নিয়ে কথা বলছে পশ্চিমের একাধিক দেশ।
বিসের পরিচালনা পরিষদের চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান।
বাংলাদেশে আইএস আছে কি না, জানতে চাইলে আতা হাসনাইন বলেন, ‘আমি মনে করি বাংলাদেশে আইএসের বড় ধরনের উপস্থিতি নেই। এমনকি ভারত ও পাকিস্তানেও নেই। বাংলাদেশে, আংশিকভাবে ভারতে ও পাকিস্তানে যা ঘটছে, সেটি হচ্ছে তারা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। দেখার চেষ্টা করছে এখানে তাদের কার্যক্রম চালানো যায় কি না।’
তবে আইএসের বড় ধরনের উপস্থিতি নেই বলে আত্মতুষ্টিতে না ভুগে তাদের ব্যাপারে যথেষ্ট সতর্ক ও সংবেদনশীল থাকা উচিত বলে মনে করেন ভারতশাসিত কাশ্মীরে দায়িত্ব পালনে অভিজ্ঞ সাবেক এই সেনা কর্মকর্তা।
আতা হাসনাইন তাঁর বক্তৃতায় নিজের অভিজ্ঞতার আলোকে দক্ষিণ এশিয়ার আট দেশ—আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার সন্ত্রাসবাদের পরিস্থিতি নিয়ে তুলনামূলক আলোচনা করেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় পাকিস্তানে সন্ত্রাসবাদের বিবেচনায় সবচেয়ে বেশি ঝুঁকি আছে। আর বাংলাদেশ এ ক্ষেত্রে সবচেয়ে কম ঝুঁকির দেশ। বাংলাদেশ যে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার, গুরুত্বপূর্ণ এ বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। তাঁর মতে, সন্ত্রাসবাদ দমনে নেতৃত্ব, অর্থায়ন ও আদর্শের ওপর গুরুত্ব দিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তৃতি এবং জঙ্গি সংগঠনগুলোর এ মাধ্যমকে সফলভাবে ব্যবহারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রতিহত করার জন্য গণমাধ্যম, গবেষণা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থার মধ্যে জোরালো অংশীদারত্ব থাকা উচিত।
আতা হাসনাইন সন্ত্রাসবাদ দমনে পুলিশের ভূমিকার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, স্থানীয় পুলিশই এলাকার সবকিছু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানেন। কাজেই সন্ত্রাসবাদ দমনে তাদের ক্ষমতায়ন অপরিহার্য।
ভারত ও পাকিস্তানের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে বিভিন্ন গোষ্ঠী গড়ে তোলার সঙ্গে জড়িত কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলো তাদের আশপাশের দেশে কী ঘটছে সে সম্পর্কে নিজেদের স্বার্থে তথ্য জানতে তৎপরতা চালায়।
বাংলাদেশ-ভারত সহযোগিতার ক্ষেত্রে গত ছয়-সাত বছরে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে বলে মনে করেন আতা হাসনাইন। তাঁর মতে, স্থল সীমান্ত চুক্তির বাস্তবায়ন দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে। তিনি দুই দেশের মধ্যে জনগণের যোগাযোগ বাড়াতে ভিসা প্রক্রিয়া সহজ করার কথা বলেন। বাংলাদেশের পাঁচ লাখ লোক প্রতিবছর ভারতে যান। প্রতিবছর এ সংখ্যা ৩০ লাখ হওয়া উচিত বলে মনে করেন তিনি।