পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি
বাংলাদেশে আটকে পড়াদের দায়দায়িত্ব পাকিস্তানের নয়
বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের ব্যাপারে পাকিস্তানের দায়দায়িত্ব নেই বলে দাবি করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের মতে, অবাঙালিদের একটি বড় অংশকেই ইতিমধ্যে দেশে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ এবং দেশটিতে এখনো যাঁরা আছেন তাঁরা পাকিস্তানে যেতে আগ্রহী নন। খবর ট্রিবিউন ডটকমের।
আটকে পড়া ওই সব পাকিস্তানির প্রত্যাবর্তন বিষয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্টে দাখিল করা এক আবেদনের ওপর গতকাল মঙ্গলবার শুনানি শুরু হয়। আবেদনটি করে ‘স্ট্র্যান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটি’। এ শুনানিতেই এসব কথা বলেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল সর্বোচ্চ আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সোহাইল মাহমুদ। এতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে প্রায় ৪ থেকে ৫ লাখ আটকে পড়া পাকিস্তানি রয়েছেন। এই লোকদের দায়দায়িত্ব বাংলাদেশ সরকারের।