বাংলাদেশে আবার সন্ত্রাসী হামলার আশঙ্কা অস্ট্রেলিয়ার
বড়দিন ও ইংরেজি নববর্ষ সামনে রেখে পশ্চিমা স্বার্থে বাংলাদেশে জনসমাগমের স্থানগুলোতে অস্ট্রেলিয়ার নাগরিকদের সতর্ক থাকতে বলেছে সে দেশের সরকার। বাংলাদেশে আগের মতোই সতর্ক থাকতে বলা হয়েছে অস্ট্রেলিয়ার নাগরিকদের। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের হালনাগাদ ভ্রমণবার্তায় এ নির্দেশ দেওয়া হয়েছে।
বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে সন্ত্রাসী হামলার উচ্চমাত্রার ঝুঁকি আছে। অতীতে বাংলাদেশে বেশ কিছু সন্ত্রাসী ঘটনা ঘটেছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত লোকজনকে গ্রেপ্তার করে চলেছেন। এসব সংগঠনের মধ্যে কারও কারও পশ্চিমাবিরোধী দৃষ্টিভঙ্গি আছে। বড়দিন ও নতুন বছরকে উদ্যাপনে জনসমাগমের স্থানগুলোতে চলাফেরার সময় অস্ট্রেলিয়ার নাগরিকের সতর্ক থাকা উচিত। পশ্চিমা স্বার্থে পুনরায় হামলার সম্ভাবনা আছে। বাংলাদেশে চলাফেরার সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
হালনাগাদ করা ভ্রমণবার্তায় বলা হয়েছে, বাংলাদেশে অস্ট্রেলিয়া ও পশ্চিমা স্বার্থে জঙ্গিদের সম্ভাব্য হামলার ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য আছে। সেপ্টেম্বর থেকেই বাংলাদেশে বিদেশিদের ওপর পরিচালিত হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভেন্ত (আইএসআইএল)।