বাংলাদেশে আবার হামলা হতে পারে: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিদেশি নাগরিকদের ওপর আবারও সন্ত্রাসী হামলা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার এক ভ্রমণ সতর্কতায় দেশটির কর্তৃপক্ষ বলেছে, সম্ভাব্য হামলার বিষয়ে তাদের হাতে ‘নির্ভরযোগ্য’ তথ্য রয়েছে। এ কারণে মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের সময় সতর্ক থাকতে আবারও পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ভ্রমণ সতর্কতা প্রকাশ করা হয়েছে। এই ভ্রমণ সতর্কতা আগামী বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান যুক্তরাষ্ট্রের এই দাবি নাকচ করে দিয়ে বলেছেন, এ দেশে বিদেশিদের কোনো শঙ্কা নেই।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যদিও কোনো রকম অঘটন ছাড়াই বাংলাদেশে কয়েক হাজার মার্কিন নাগরিক প্রতিবছর ভ্রমণ করে থাকে, তবু সম্প্রতি দেশটিতে ঘটে যাওয়া কিছু সন্ত্রাসী ঘটনার কারণে সেখানে বসবাসকারী বা ভ্রমণকারী মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে তাগিদ দেওয়া হয়েছে।
ভ্রমণ সতর্ক বার্তায় বলা হয়, ‘নির্ভরযোগ্য তথ্যানুযায়ী, বাংলাদেশে বিদেশি নাগরিকদের ওপর, বিশেষত বিদেশিদের বড় ধরনের কোনো জমায়েতে আবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে।’ বার্তায় বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকার মনে করে, (বাংলাদেশে) সন্ত্রাসী হুমকির বিষয়টি এখনো বাস্তব ও বিশ্বাসযোগ্য এবং আবার হামলা হওয়ার আশঙ্কা রয়েছে।’
যুক্তরাষ্ট্রের এই নিরাপত্তা সতর্কতা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার প্রায়ই এ রকম সতর্কতা দিয়ে থাকে। এটাকে তারা বলছে রুটিন কাজ। কেন করেছে, সেটা তারা জানায়নি। এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে আমরা সব সময় বলি, বিদেশিদের এখানে কোনো আশঙ্কার কারণ নেই। দেশিদেরও বলছি, আমরা সব ধরনের বিষয়ে প্রস্তুত আছি, এখানে কোনো শঙ্কা নেই।’
যুক্তরাষ্ট্রের কাছে সতর্কতার কারণ জানতে চাইবেন কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তো দেখছি তারা কী ধরনের সতর্কতা দিচ্ছে। কাজেই এটা চাওয়ার কিছু নেই। আমরা মনে করি, এ ধরনের বাস্তবতাও নেই।’
সম্প্রতি রংপুরে জাপানের নাগরিক হোশিও কুনি এবং ঢাকায় ইতালির নাগরিক সিজার তাবেলা দুর্বৃত্তদের হামলায় নিহত হন। এ ছাড়া পুরান ঢাকার হোসেনি দালানের সামনে শিয়া মুসলিমদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে গ্রেনেড বোমা হামলায় একজন নিহত হন। মূলত এসব হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি রাষ্ট্র সতর্ক বার্তা জারি করে।