বাংলাদেশে আরও বিনিয়োগে কুয়েতকে প্রধানমন্ত্রীর আহ্বান
বাংলাদেশের বিভিন্ন খাতে বিশেষ করে অবকাঠামো খাতে আরও বিনিয়োগের কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কুয়েতের একটি প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।
২০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লে. জেনারেল সোলায়মান ফাহাদ আল ফাহাদ। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের জানান।
শেখ হাসিনা সিরামিক, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য এবং ওষুধের মতো বিশ্বমানের বাংলাদেশি পণ্য আমদানি করতে কুয়েত সরকারের প্রতি আহ্বান জানান।
চট্টগ্রামে একটি তেল পরিশোধনাগার স্থাপনে কুয়েতের আগ্রহ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ জন্য জমি প্রস্তুত রাখা হয়েছে। কুয়েত যেকোনো সময় কাজ শুরু করতে পারে।
শেখ হাসিনা বলেন, উপসাগরীয় দেশ কুয়েতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত আছেন। তাঁরা কুয়েতের উন্নয়নে বিপুল অবদান রাখছেন। কুয়েত চাইলে বাংলাদেশ আরও শ্রমিক পাঠাতে প্রস্তুত।
এ সময় লে. জেনারেল সোলায়মান ফাহাদ কুয়েতের আমিরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সে দেশ সফরের আমন্ত্রণ জানান। বাংলাদেশকে কুয়েতের সত্যিকারের বন্ধু উল্লেখ করে সোলায়মান ফাহাদ বলেন, আগামী দিনগুলোতে দুই ভ্রাতৃপ্রতীম মুসলিম দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে।