বাংলাদেশে আরও বিনিয়োগ করতে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সুইজারল্যান্ডের পণ্য আমদানির চেয়ে সুইচ বিনিয়োগের প্রতি অধিক গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। গতকাল বুধবার সকালে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সেমিনারে তিনি বলেন, গত এক বছরেই সুইজারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ৩৫ থেকে ৪০ শতাংশ বেড়েছে। দুই দেশের ব্যবসার আরও প্রসার ঘটাতে দুই দেশের চেম্বারের নেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।‘সুইজারল্যান্ড-বাংলাদেশ সম্পর্কের ৪০ বছর: বন্ধুত্ব এবং ব্যবসায়িক সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথিন বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত উরস হেরেন, সুইজারল্যান্ড-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি অ্যারিয়েল মিরান্ডা, ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রোকেয়া আফজাল রহমান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম এবং নেসেল বাংলাদেশ লিমিটেডের করপোরেট-বিষয়ক পরিচালক নকিব খান। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে। এ ছাড়া এ দেশের অর্থনৈতিক অবস্থার দ্রুত ইতিবাচক পরিবর্তন ঘটে চলেছে। এ অবস্থায় সুইজারল্যান্ডের বিনিয়োগ আমাদের অর্থনীতিতে গতি আনবে। ইতিমধ্যে তারা খাদ্যপণ্য ও সিমেন্ট কারখানায় বিনিয়োগ করেছে।’ সেমিনারে সুইচ রাষ্ট্রদূত ছাড়াও ঢাকা মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান বিনিয়োগ সম্ভাবনাবিষয়ক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি পরিবেশবান্ধব শিল্প স্থাপনে এবং বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে রাষ্ট্রদূতের উদ্যোগ কামনা করেন। সুইচ রাষ্ট্রদূত উরস হেরেন বলেন, ‘১৯৭২ সালের মার্চ মাসে সুইজারল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকেই দুই দেশের ক্ষেত্রে ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক আদান-প্রদান বেড়েই চলেছে। সম্পর্কের ৪০ বছর পূর্তিকে অর্থবহ করতে আমরা ইতিমধ্যে দেশের একাধিক এলাকায় অনুষ্ঠানমালার আয়োজন করেছি।’ সেমিনারের পর ব্যবসায়ীরা উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।