বাংলাদেশে আল-কায়েদার অস্তিত্বের কোনো প্রমাণ নেই: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বাংলাদেশে আল-কায়েদা থাকার কোনো প্রমাণ তাঁদের কাছে নেই। তিনি আজ সোমবার সচিবালয়ে তাঁর কার্যালয়ে বার্তা সংস্থা বাসসের কাছে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যরা এখন পর্যন্ত দেশে আল-কায়েদার অস্তিত্ব এবং এর নেটওয়ার্কের সুনির্দিষ্ট কোনো প্রমাণ পায়নি। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম ও আল-কায়েদার মধ্যে যোগসূত্রেরও কোনো প্রমাণ পায়নি, যার ওপর ভিত্তি করে দেশে আল-কায়েদার অস্তিত্ব ও নেটওয়ার্ক আছে বলে ধারণা করা যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের দুই মাস পর আল-কায়েদা এর দায়িত্ব স্বীকার করেছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

আল-কায়েদাসহ অন্য জঙ্গি সংগঠনগুলোর অনলাইন তৎপরতার ওপর নজরদারি করে থাকে যুক্তরাষ্ট্রভিত্তিক এমন একটি ওয়েবসাইটের বরাত দিয়ে এএফপি গতকাল রোববার জানায়, আল-কায়েদার ভারতীয় উপমহাদেশীয় শাখা (একিউআইএস) অভিজিৎ রায়কে হত্যার দায় স্বীকার করেছে।

গত ২৬ ফেব্রুয়ারি বইমেলা চলাকালে রাত সাড়ে নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরের উল্টো দিকে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। এ সময় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন। অভিজিতের হত্যার পর পরই জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম টুইটারে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল।