বাংলাদেশে আসছে এনআইএর দল
ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি দল আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে। বাংলাদেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) কর্মকাণ্ড নিয়ে আলোচনা করতেই এনআইএর এই সফর বলে জানায় ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া।
গত রোববার প্রকাশিত টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, এনআইএ এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাতে জেএমবির তৎপরতা নিয়ে বাংলাদেশ সরকারকে সতর্ক করেছিল। এনআইএর এক কর্মকর্তা বলেছেন, জেএমবির সদস্যরা বাংলাদেশি নিরাপত্তা সংস্থার নজরে পড়লেই সীমান্ত পেরিয়ে ভারতে চলে যায়। গত মাসে চারজন জেএমবি সদস্য বাংলাদেশে আটক হওয়ার ঘটনা প্রমাণ করে এই কর্মকর্তার অনুমান সত্যি।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিরা অনেকবার পাকিস্তান সফর করেছে। এদের মধ্যে ইদ্রিস শেখ পাকিস্তান গেছে ৪৮ বার।