ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণে বাংলাদেশের কেউ জড়িত কি না, বিষয়টি তদন্ত করতে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএর একটি দল বাংলাদেশে আসছে। গতকাল সোমবার বিবিসি বাংলায় প্রচারিত এক প্রতিবেদনে এ খবর দেওয়া হয়েছে। এনআইএর উচ্চপর্যায়ের একটি দল তদন্তের অংশ হিসেবে ঢাকায় আসতে চাইলে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল তাদের অনুমতি দিয়েছে।
এদিকে এনআইএ গতকাল বর্ধমান বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে আমজাদ শেখ নামের একজনকে গ্রেপ্তার করেছে। এনআইএ যে ১২ জনের সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা করেছিল, আমজাদ তাদের অন্যতম।
বিবিসির প্রতিবেদনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানকে উদ্ধৃত করে বলা হয়, বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের কেউ জড়িত আছে কি না, সে ব্যাপারে নিশ্চিত হতে এনআইএর একটি দল যেকোনো সময়ে বাংলাদেশে আসবে।
আসাদুজ্জামান খান বিবিসিকে বলেন, ‘ভারত একটা সংক্ষিপ্ত নোট পাঠিয়েছে। তাতে তারা শুধু ঘটনাটি নিয়ে তাদের তদন্ত দলের আলোচনা করার কথা বলেছে। ফলে তাদের সঙ্গে আলোচনায় বিস্তারিত জানার পর সে অনুযায়ী বাংলাদেশ ব্যবস্থা নেবে।’
বর্ধমান বিস্ফোরণে বাংলাদেশিদের জড়িত থাকার বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টিতে বাংলাদেশের সরকার এখনো অস্পষ্টতার মধ্যে রয়েছে।
আরও একজন গ্রেপ্তার
জিনিউজ জানায়, এনআইএর সদস্যরা গতকাল দুপুরে বীরভূমের কির্নাহারে বাড়ির খুব কাছ থেকে আমজাদ শেখ ওরফে কাজল (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে। এনআইএর দাবি, আমজাদ বর্ধমান বিস্ফোরণের অন্যতম হোতা এবং বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
প্রতিবেদনে বলা হয়, আমজাদ শেখ প্রথমে নয়াদিল্লি এবং পরে উত্তর প্রদেশের একটি বস্তিতে এক পুলিশকর্মীর কাছে আশ্রয় নেন। সেখানে কিছু দিন থাকার পর পশ্চিমবঙ্গে ফিরে আসেন। এনআইএ প্রথমে তাঁর মাথার দাম পাঁচ লাখ ধরলেও সম্প্রতি পুরস্কারের মূল্য বাড়িয়ে ১০ লাখ রুপি করে। বিস্ফোরণ ঘটনার পরপরই এনআইএর সদস্যরা কলকাতায় আমজাদ শেখের বাড়িতে তল্লাশি চালিয়ে রাসায়নিক কেনার রসিদ উদ্ধার করে।
আদালতে সাজিদ
কলকাতা প্রতিনিধি জানান, বর্ধমানের বোমা বিস্ফোরণের হোতা বলে কথিত শেখ রহমতুল্লাহ ওরফে সাজিদ কলকাতার নগর দায়রা আদালতে নিজেকে বাংলাদেশি হিসেবে দাবি করেছেন। গত রোববার ওই আদালতে তিনি বলেন, ‘আমি কুখ্যাত। ফাঁসি এড়াতেই ভারতে এসেছি। আমাকে বাংলাদেশে ফেরত পাঠাবেন না। আমি বাংলাদেশে অপরাধ করেছি। এখন আমি এ দেশেই ভারতীয় হয়ে থাকতে চাই।’
গত শনিবার কলকাতার বিমানবন্দর এলাকার যশোর রোড থেকে সাজিদকে গ্রেপ্তার করে কলকাতার পুলিশ।