বাংলাদেশে আসছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিনে দেখতে ৮ জুলাই তিন দিনের সফরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বাংলাদেশে আসছেন। চার দিনের এই সফরের সময় তিনি পরিস্থিতি দেখতে কক্সবাজার যাবেন এবং রোহিঙ্গাদের বিষয়ে রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন।

গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মিয়ানমার সফর শেষ করে তিনি বাংলাদেশে আসবেন। এ মাসের প্রথম দিন থেকে মিয়ানমার সফরে থাকা জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের আজ বৃহস্পতিবার থাইল্যান্ড যাওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা সফরের সময় ফিলিপ্পো গ্রান্ডি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া ৯ ও ১০ জুলাই তিনি নিবন্ধিত শরণার্থী শিবির পরিদর্শনের পাশাপাশি গত অক্টোবরের পর মিয়ানমারের রাখাইন থেকে নতুন আসা রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেবেন।

মিয়ানমার সফররত জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি গতকাল নেপিডোতে স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির সঙ্গে দেখা করেছেন। বৈঠকের পর ফিলিপ্পো গ্রান্ডি তাঁর টুইটে লিখেছেন, থাইল্যান্ড থেকে শরণার্থী প্রত্যাবাসন জোরদার করা এবং রাখাইন রাজ্যে গৃহহীন ও রাষ্ট্রহীন লোকজনের সমস্যার সমাধানের বিষয়ে সু চির সঙ্গে ভালো এবং খোলামেলা আলোচনা হয়েছে।

এদিকে মিয়ানমারের সরকারি দৈনিক গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার-এর খবরে বলা হয়েছে, গত রোববার থেকে ফিলিপ্পো গ্রান্ডির নেতৃত্বাধীন জাতিসংঘের প্রতিনিধিদলটি সিটুয়ে, মংডুসহ রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছে। এ সময় প্রতিনিধিদলটি রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে শিকার হওয়া লোকজন এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছে।