বাংলাদেশে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

এবারের ডিসেম্বরে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী। একই সময়ে নিকট প্রতিবেশী ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেরও পাঁচ দশক পূর্তি। ইতিহাসের এই সন্ধিক্ষণ উদ্‌যাপনের জন্য বাংলাদেশের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসছেন। তিনি ১৬ ডিসেম্বর ঢাকায় বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন।

আজ শনিবার সন্ধ্যায় ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফরটি ১৫ ডিসেম্বর শুরু হয়ে তিন দিনের জন্য হতে পারে। ভারতের রাষ্ট্রপতি হিসেবে এটি হবে তাঁর প্রথম বাংলাদেশ সফর।

দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল নিকট প্রতিবেশী ভারত। দিনটিকে স্মরণীয় করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে ঘোষণা করেন। দিনটিতে ভারত আয়োজিত মৈত্রী দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট কন্যা শেখ রেহানাকে অতিথি হিসেবে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ৬ ডিসেম্বর ভারতে এবং ১৬ ডিসেম্বর বাংলাদেশে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর নিয়ে আমাদের প্রস্তুতি চলছে। এ সপ্তাহে এ নিয়ে দুই দেশের কূটনীতিকদের মধ্যে দিল্লিতে আলোচনা হয়েছে।

জানা গেছে, ভারতের রাষ্ট্রপতি এরই মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনো ঢাকা সফরের বিষয়টি ঘোষণা করা হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ ও ভারত যৌথভাবে বিশ্বের ১৮টি দেশে যেখানে ওই দুই দেশের মিশন আছে, সেখানে মৈত্রী দিবস উদ্‌যাপন করবে। যৌথ আয়োজনের মধ্য দিয়ে প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক ও বন্ধন তুলে ধরবে। দুই দেশ নিজেদের এই দ্বিপক্ষীয় সম্পর্ককে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে থাকে।