বাংলাদেশে আসছেন ২৮ বিদেশি সাংবাদিক
বাংলাদেশ সম্পর্কে জানতে পর্যটন বোর্ডের উদ্যোগে ২৮ বিদেশি সাংবাদিক আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় আসবেন। ১০ দিন তাঁরা দেশের বিভিন্ন স্থানে ঘুরবেন।
পর্যটন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা আকতার আহমেদ আজ বুধবার প্রথম আলোকে এই তথ্য জানান।
পর্যটন বোর্ড জানিয়েছে, জাপান, চীন, জার্মানি, ইতালি, স্পেন, যুক্তরাজ্য, ক্রোয়েশিয়া, লিথুয়ানিয়া ও রাশিয়া থেকে আসছেন এই বিদেশিরা; যাঁরা পেশায় পর্যটন সাংবাদিক ও ব্লগার। কাল (বৃহস্পতিবার) তাঁরা ঢাকায় আসবেন। ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা বিশ্ব ঐতিহ্য পাহাড়পুরের বৌদ্ধবিহার, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ এবং সুন্দরবন দেখার পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি, জীবনযাত্রা ও নদী দেখবেন। একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। ২২ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের পর ২৩ ফেব্রুয়ারি তাঁরা ঢাকা ত্যাগ করবেন।
এর আগে ২০১২ সালেও একই আয়োজন করেছিল পর্যটন বোর্ড।