
বাংলাদেশ সফরে আসার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে মোদি এ আগ্রহের কথা জানিয়েছেন। ঢাকা সফররত ভারতের নতুন পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ চিঠিটি হস্তান্তর করেন।
আজ সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানান। খবর ইউএনবির।
এর আগে সুব্রামানিয়াম জয়শঙ্কর পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করেন। শহীদুল হকের সঙ্গে বৈঠকের পর জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করলেন সফররত ভারতের পররাষ্ট্রসচিব।
এর আগে বেলা ১১টার দিকে ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর দুই দিনের সফরে ঢাকায় আসেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সার্ক যাত্রার অংশ হিসেবে জয়শঙ্কর ‘শুভেচ্ছা সফরে’ বাংলাদেশে এসেছেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনা অনুযায়ী দেশটির পররাষ্ট্রসচিব এই সার্ক যাত্রা করছেন।
১ মার্চ ভুটান সফরের মধ্য দিয়ে জয়শঙ্করের সার্ক যাত্রার প্রথম পর্যায় শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে তিনি ভুটান থেকে আজ বাংলাদেশে এলেন। এরপর অন্য দেশগুলো সফর করবেন তিনি।
গত ২৯ জানুয়ারি ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন জয়শঙ্কর।