বাংলাদেশে ইইউর আঞ্চলিক সন্ত্রাসবাদ দমন কেন্দ্র হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের আপত্তির কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে ঢাকায় আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন কেন্দ্র চালু হচ্ছে না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে এটি চালুর কথা ছিল।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো সম্প্রতি প্রথম আলোকে জানিয়েছে, ‘যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায়’ সরকার ইইউর প্রস্তাবটিতে সাড়া দিতে অপারগতা জানিয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানায়, ইন্দোনেশিয়ার আদলে ঢাকায় আঞ্চলিক সন্ত্রাসবাদ দমন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ইইউ। ২০০৪ সালে অস্ট্রেলিয়া ও ইইউর সহায়তায় জাকার্তায় ‘সেন্টার ফর ল এনফোর্সমেন্ট কো-অপারেশন’ (জেসিএলইসি) প্রতিষ্ঠিত হয়। আঞ্চলিক সন্ত্রাসবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বাড়াতে এটি কাজ করছে।জানা গেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে চলতি বছরের শুরুতে কেন্দ্রটি প্রতিষ্ঠার উদ্যোগ নেয় ইইউ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়াই হবে এর মূল কাজ। এর উদ্দেশ্য বৈশ্বিক প্রেক্ষাপটে সন্ত্রাসবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সামর্থ্য বাড়ানো। প্রস্তাবে বলা হয়েছিল, এতে বাংলাদেশ ছাড়াও ভারত-পাকিস্তানসহ সব সার্কভুক্ত দেশের পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হবে।প্রস্তাবটিতে বাংলাদেশ সম্মতি দেয়নি কেন জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘অনেকটা একতরফাভাবেই প্রস্তাবটি নিয়ে এগোচ্ছিল ইইউ। আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়ার আগেই তারা বিষয়টি প্রথম গণমাধ্যমে জানায়। অথচ এ ব্যাপারে ইইউর ঢাকা কিংবা ব্রাসেলস দপ্তর থেকে বাংলাদেশের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।’ওই কর্মকর্তা জানান, পরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টির ব্যাখ্যা চাওয়া হলে ইইউ জানায়, আঞ্চলিক সন্ত্রাসবাদ দমন কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঢাকাকে বেছে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অন্য এক কর্মকর্তা বলেন, ‘এ ধরনের প্রস্তাবে সাড়া দেওয়াটা সমীচীন হওয়ার কথা নয়। কারণ, আমাদের সঙ্গে আলোচনা না করেই ইইউ বিষয়টি নিয়ে এগিয়েছে। দ্বিতীয়ত, এ ধরনের কেন্দ্র প্রতিষ্ঠিত হলে বাংলাদেশের স্বার্থ সর্বাগ্রে গুরুত্ব পাওয়া উচিত। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন তাদের নিজেদের স্বার্থে এটা করতে চেয়েছিল।’ গত মাসে ঢাকা সফরকারী ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতাবিষয়ক কমিশনার আন্দ্রিস পিয়েবালগ্সকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জবাব না দিয়ে বলেন, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ব্যাপারে চেষ্টা চলছে। ইইউর পরিকল্পনা অনুযায়ী প্রস্তাবিত কেন্দ্রের আওতায় অভিযান পরিচালনা, গোয়েন্দা কর্মকাণ্ডসহ প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণই দেওয়া হবে। তবে প্রাথমিক পরিকল্পনামতো প্রশিক্ষণের আওতায় থাকবে শুধু পুলিশ। এ জন্য নতুন কোনো অবকাঠামো তৈরি হবে না। বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে প্রশিক্ষণের আয়োজন করা হবে। জানা গেছে, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের কারণে ঢাকায় এ কেন্দ্রটি প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়। তা ছাড়া দক্ষিণ এশিয়ার দুই বড় দেশ ভারত ও পাকিস্তান বাংলাদেশে কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাবে সমর্থন দিয়েছে।