বাংলাদেশে ইন্টারনেট পায় না প্রায় ১৫ কোটি মানুষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রায় ১৪ কোটি ৮০ লাখ লোক ইন্টারনেট সুবিধা পান না। ইন্টারনেট সুবিধাবঞ্চিত জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। বিশ্বব্যাংকের ভাষায় এ বিপুলসংখ্যক মানুষকে ‘অফলাইন’ জনগোষ্ঠী হিসেবে চিহিত করা হয়েছে।
বিশ্বব্যাংকের ‘ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট ২০১৬: ডিজিটাল ডিভিডেন্ডস’ শীর্ষক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে এ প্রতিবেদন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। একই সঙ্গে প্রতিবেদনটির মুঠোফোন অ্যাপভিত্তিক সংস্করণেরও উদ্বোধন করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট ব্যবহার সুবিধায় সবচেয়ে বঞ্চিত ভারতের জনগণ। সে দেশে ১০৬ কোটি লোকের ইন্টারনেট সুবিধা নেই। বাংলাদেশের ওপরে আরও আছে চীন, ইন্দোনেশিয়া ও পাকিস্তান। তবে প্রতিবেদনে সারা বিশ্বে এক দশকের ব্যবধানে ইন্টারনেট ব্যবহারকারী তিন গুণ বৃদ্ধি পাওয়ার বিষয়টিও উঠে এসেছে। সংস্থাটির হিসাবে, বিশ্বে বর্তমানে ৩২০ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। প্রতিবেদন তৈরিতে সর্বশেষ ২০১৪ সালের আগস্ট পর্যন্ত সময়ের তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি। কিন্তু তাদের সিংহভাগের ইন্টারনেট সুবিধা নেই। এতে আরও বলা হয়েছে, বর্তমানে তথ্যপ্রযুক্তি খাত থেকে যে কর্মসংস্থান হয়, তা বাংলাদেশের মোট কর্মসংস্থানের আধা শতাংশেরও কম। বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি কর্মসংস্থান ও সরকারি সেবা নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তির সুবিধা আরও বাড়াতে হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, চলতি বছরের মার্চ মাস পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ১২ লাখ। সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী নির্ধারণে বিটিআরসির নিয়ম হলো, ৯০ দিন বা তিন মাসের মধ্যে একজন ব্যক্তি একবার ব্যবহার করলেই তিনি ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে চিহ্নিত হবেন।
সরকার ও বিশ্বব্যাংকের হিসাবের পার্থক্য কেন—এমন প্রশ্নের জবাবে এ প্রতিবেদনের সহপরিচালক দীপক মিশ্র বলেন, বিশ্বব্যাংক বৈশ্বিক মানদণ্ডের ভিত্তিতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গণনা করে থাকে। হিসাবের পার্থক্যের কারণ তিনটি। প্রথমত, এটি ২০১৪ সালের আগস্ট মাসের হিসাব; দ্বিতীয়ত তথ্য উৎস এবং তৃতীয়ত, ইন্টারনেট ব্যবহারকারীর সংজ্ঞা। বিশ্বব্যাংকের কাছে ইন্টারনেট ব্যবহারকারীর সংজ্ঞা হলো, একজন ব্যবহারকারীকে নিয়মিতভাবে তা ব্যবহার করতে হবে। অফিসের পাশাপাশি নিজের বাসায় ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকতে হবে।
ডিজিটাল বৈষম্য কীভাবে মানুষের ওপর পড়ে, সে বিষয়ে বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকায় ধনী মানুষদের ৬০ শতাংশই নিচের দিকে থাকা ৪০ শতাংশ মানুষের চেয়ে তিন গুণ বেশি ইন্টারনেট সুবিধা পান। ইউরোপীয় ইউনিয়নের গরিব দেশের নাগরিকদের চেয়ে ধনী দেশের নাগরিকেরা তিন গুণ বেশি অনলাইন সেবা নেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শিল্পোন্নত দেশগুলোর জোটের মধ্যে আয়ারল্যান্ডে জিডিপিতে তথ্যপ্রযুক্তি খাতের অবদান সবচেয়ে বেশি, প্রায় ১২ শতাংশ।
দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহারের একটি চিত্র তুলে ধরা হয়েছে বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, একটি সাধারণ দিনে ইউটিউবে ৮৮০ কোটি ভিডিও চিত্র দেখা হয়। ২০ হাজার ৭০০ কোটি ই-মেইল বার্তা পাঠানো হয়। বিভিন্ন বিষয়ে গুগলে ৪২০ কোটি সার্চ বা ‘খোঁজ’ নেওয়া হয়। আরও ১৫ কোটি ২০ লাখ স্কাইপিতে কল করা হয়। ৮০ কোটি ৩০ লাখ টুইটস করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মদ বলেন, ২০২১ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) আইসিটি খাতের অবদান ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ জন্য সারা দেশে ইন্টারনেটভিত্তিক সাত হাজার পেশাজীবী তৈরির কাজ চলছে। সরকারের পাশাপাশি বেসরকারি খাতে ছয়টি সফটওয়্যার প্রযুক্তি পার্ক তৈরির কাজ এখন এগিয়ে চলছে।
বিশ্বব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান বলেন, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দারিদ্র্য কমিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর চমৎকার সুযোগ রয়েছে। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে বিশ্বব্যাংক নানাভাবে বিনিয়োগ করে সরকারকে সহযোগিতা করে যাচ্ছে।
প্রতিবেদন প্রকাশের পর ‘বাংলাদেশে ডিজিটাল বিবর্তন’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কার্যক্রমে ই-সেবা বিভাগের প্রধান আবদুল মান্নান, বেসরকারি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সহকারী অধ্যাপক খান মো. আনোয়ারুস সালাম প্রমুখ।
প্যানেল আলোচনায় অংশ নিয়ে মুঠোফোন অপারেটরদের সংগঠন অ্যামটবের মহাসচিব টি আই এম নুরুল কবীর বলেন, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–সম্পর্কিত বিদ্যমান নীতিমালাগুলো এই খাতের এগোনোর জন্য সহায়ক নয়। উচ্চ কর হার এই খাতের বিকাশ ও নতুন বিনিয়োগ আকর্ষণে অন্যতম বাধা।