বাংলাদেশে ইবোলা সংক্রমণের ঝুঁকি কম: আইইডিসিআর
বাংলাদেশে ইবোলা সংক্রমণের ঝুঁকি কম। তবু বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী রোগটি মোকাবিলার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন প্রতিষ্ঠান। স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ চলছে এবং দেশের প্রবেশপথগুলোয় বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) কর্মকর্তারা এ কথা জানান।
‘ইবোলা ভাইরাস: সাংবাদিকদের অবহিতকরণ কর্মশালা’য় আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, ইবোলা ভাইরাসের সংক্রমণ ঘটেছে পশ্চিম আফ্রিকার এমন তিনটি দেশ—গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিয়ন থেকে এ পর্যন্ত ১৮৮ জন বাংলাদেশে এসেছেন। গড়ে প্রতিদিন আসছেন দুজন করে। এঁদের কারও মধ্যেই ইবোলা সংক্রমণের কোনো লক্ষণ পাওয়া যায়নি। ওই তিনটি দেশ থেকে আসা প্রত্যেকের ওপর নজর রাখছে আইইডিসিআর।
কর্মকর্তারা বলেন, আইইডিসিআরের গবেষণাগারে রোগটি শনাক্ত করা যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে তাঁরা বলেন, ইবোলায় আক্রান্ত ব্যক্তিদের হঠাৎ প্রচণ্ড জ্বর হয়, শরীরে ব্যথা থাকে, প্রচণ্ড দুর্বলতা ও ডায়রিয়া দেখা দেয় এবং কোনো কোনো ক্ষেত্রে নাক, মুখ ও পায়ুপথ থেকে রক্ত বের হতে পারে। রোগের উপসর্গ অনুযায়ী রোগীদের চিকিৎসা দিতে হয়। একজন রোগীর সংস্পর্শে যাওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়ার কথাও বলেন তাঁরা।
সাংবাদিকদের জানানো হয়, এ বছর রোগটির প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ১৯ অক্টোবর পর্যন্ত ইবোলায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ৯৩৬ জন। এঁদের মধ্যে মারা গেছেন চার হাজার ৮৭৭ জন। যাঁরা সেরে উঠেছেন তাঁদের আবার আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই। সুস্থ হওয়া ব্যক্তির প্লাজমা আক্রান্ত রোগীদের সারিয়ে তোলার কাজে ব্যবহার করা হবে এমন কথা বলছেন বিজ্ঞানীরা। এ ছাড়া ভ্যাকসিন তৈরির কাজও চলছে।
১৯৭৬ সালে প্রথম রোগটির প্রাদুর্ভাব হয় কঙ্গোয়। এ দফায় রোগটি শুরু হয়েছে ২০১৩ সালের ডিসেম্বরে। রোগটি সবচেয়ে বেশি ছড়িয়েছে সিয়েরা লিয়ন, লাইবেরিয়া ও গিনিতে। সেনেগাল ও নাইজেরিয়ায় রোগটি দেখা দিলেও, এখন দেশগুলো ঝুঁকিমুক্ত। সময়মতো রোগটি নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়নি বলে সমালোচনা আছে।