বাংলাদেশে ইমরান খানকে নিষিদ্ধের দাবি
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে নির্দোষ দাবি করায় পাকিস্তানের এমপি ইমরান খানকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ এ দাবি জানান।
‘স্বাধীনতাবিরোধীদের বর্বরতা, যুদ্ধাপরাধীদের বিচারে পাকিস্তানের নগ্ন হস্তক্ষেপ ও নির্বাচনী তামাশা রুখে দাঁড়াও’ ব্যানারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জোটের সভাপতি প্রদীপ ঘোষ।
সমাবেশে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, স্বাধীনতাবিরোধী চক্র সাধারণ মানুষকে পুড়িয়ে লুটপাট করে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চাইছে। অন্যদিকে একটি দল ক্ষমতায় টিকে থাকতে একতরফা নির্বাচন করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত করছে।