বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়নে করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ আগস্ট ২০১৬, প্রথমআলোর আয়োজনে ‘বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়নে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।

সহযোগিতায়:

.
.
.
.

দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ২৬লাখ৩১হাজার বেকার

দেশের প্রায় ২৬লাখ ৩০ হাজার মানুষ সপ্তাহে ১ঘণ্টা কাজ করার সুযোগ পান না

দুই বছরে কর্মসংস্থান হয়েছে মাত্র ৬ লাখ

দেশে ক্ষুদ্র উদ্যোক্তার সংখ্যা ৭০লাখ

দুই বছরের ব্যবধানে বেকারের সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার

সূত্র: বিবিএস

আলোচনায় সুপারিশ

* উদ্যোক্তাদের ব্যাপক সামাজিক স্বীকৃতি থাকা প্রয়োজন

*  উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতাগুলো দূর করা দরকার

* অ​ার্থিক প্রতিষ্ঠানের নীতিমালাগুলো উদ্যোক্তাবান্ধব হওয়া উচিত। তাহলে আরও বেশি উদ্যোক্তা তৈরি হবে

* উদ্যোক্তা তৈরিতে একটা দীর্ঘমেয়াদি লক্ষ্য থাকা প্রয়োজন 

* তরুণদের বিনিয়োগের জন্য সুযোগ করে দিতে হবে। তাহলে তারা নিজেদের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে

* দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের ৯০ শতাংশ উদে্যাগই কৃষিভিত্তিক। মেধাশ্রমশিল্পের জন্য শিল্প মন্ত্রণালয়ের জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া প্রয়োজন

আলোচনা 

আব্দুল কাইয়ুম: সরকারি হিসাবে দেশে প্রতিবছর প্রায় ২৭ লাখ মানুষ বেকার থেকে যাচ্ছে। দেশে এত কর্মসংস্থানের সুযোগ নেই যে সবাই চাকরি করবে। তাই উদ্যোক্তা সৃষ্টির বিষয়টি অত্যন্ত জরুরি। এসবই আজকের আলোচনার বিষয়। এখন এ বিষয়ে উপস্থাপনা ও আলোচনা করবেন সৈয়দ মারুফ রেজা।

সৈয়দ মারুফ রেজা
সৈয়দ মারুফ রেজা

সৈয়দ মারুফ রেজা: তথ্যপ্রযুক্তির বিকাশ অনেক নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে। তরুণেরা নানা উদ্ভাবনী উদ্যোগের সঙ্গে নিজেদের যুক্ত করছে। শিক্ষার্থীদের বহুমুখী উদ্যোগকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার তাগিদ থেকেই ২০১৫ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব অন্টারপ্রেনারশিপ যাত্রা শুরু করে।
প্রতিষ্ঠার পর থেকেই এই বিভাগ শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষাসুবিধা প্রদানের লক্ষ্য থেকে ইউএসএর কফম্যান ফাউন্ডেশনসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে নিজেদের যুক্ত করেছে। পাশাপাশি আইএলওর এসআইওয়াইবি কর্মসূচি, চাইল্ড অ্যান্ড ইয়ুথ ফাইন্যান্স ইন্টারন্যাশনালের গ্লোবাল মানি উইক, কফম্যান ফাউন্ডেশনের গেট ইন দ্য রিং ও গ্লোবাল ইয়াং অন্টারপ্রেনারশিপ সামিট এবং মালয়েশিয়ার পারলিস ইউনিভার্সিটির গ্লোবাল অন্টারপ্রেনারশিপ সামার ক্যাম্পসহ দেশি-বিদেশি বিভিন্ন আয়োজনের সঙ্গে নিজেদের যুক্ত করেছে।

আমরা জানি, শুধু বই পড়ে কেউ কখনো উদ্যোক্তা হতে পারে না। তাই বই পড়ার সঙ্গে সঙ্গে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য থেকে নিয়মিত স্টার্টআপ মার্কেট ও স্টার্টআপ এক্সপো আয়োজন, শিল্পকারখানা পরিদর্শন, নিজস্ব ইনকিউবেশন সেন্টারের সহায়তায় সৃজনশীল ব্যবসার ধারণা উদ্ভাবনের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বমানের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা নেওয়া হয়েছে। আমাদের এ উদ্যোগ অন্টারপ্রেনার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউসুফ মাহবুবুল ইসলাম
ইউসুফ মাহবুবুল ইসলাম

ইউসুফ মাহবুবুল ইসলাম: ড্যাফোডিল ইউনিভার্সিটি এই উদ্যোগ কেন নিল? আমরা দেখলাম, একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে পাস করে চাকরি করে, তাহলে হয়তো সে বছরে কম-বেশি ১০ হাজার টাকা রেভিনিউতে অবদান রাখতে পারে। কিন্তু একজন ব্যক্তি যদি উদ্যোক্তা হয়, সে যদি ১০ জনকে চাকরি দিতে পারে, তাহলে বছরে রেভিনিউ খাতে কম-বেশি এক লাখ টাকার অবদান রাখবে।
উদ্যোক্তা সম্পর্কে শিক্ষার্থীরা ভালোভাবে জানে না। আমরা এটি শিক্ষার্থীদের জানাতে চাই, শেখাতে চাই। অন্টারপ্রেনারশিপ অর্জনের মধ্য দিয়ে তারা নিজেদের ও দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে।

মো. মাজেদুল ইসলাম
মো. মাজেদুল ইসলাম

মো. মাজেদুল ইসলাম: ২০১০ সালে সরকার ৪ হাজার ৫৪৭টি ইউনিয়ন সেবাকেন্দ্রে ডিজিটাল সেন্টার চালু করে। এখানে একজন পুরুষ ও একজন নারী উদ্যোক্তা কাজ করেন। ২০১৫ সালে সরকার একই সেবা উপশহর ও শহর এলাকায় সম্প্রসারণ করে।
এসএমই ফাউন্ডেশনের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। এ চুক্তির আওতায় গ্রামের উদ্যোক্তাদের ফ্রিল্যান্সিংয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। মাইক্রোসফটের সঙ্গে একটি অংশীদারত্ব রয়েছে, এর মাধ্যমে গ্রামের নারী উদ্যোক্তাদের কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

ডিজিটাল সেন্টার থে​েক পর্চার আবেদন, পল্লী বিদ্যুতের বিল পরিশোধ, কম্পোজ, স্কাইপে বিদেশে কথা বলা ইত্যাদি সেবা নাগরিকেরা পেয়ে থাকে। এ সেবা বাবদ সামান্য পরিমাণ অর্থ তাঁরা নেন। এটা দিয়েই তাঁদের কর্মসংস্থান হয়। গ্রামের সাধারণ মানুষকে উদ্যোক্তা করে তোলাই সরকারের লক্ষ্য।

হুমায়ুন রশিদ
হুমায়ুন রশিদ

হুমায়ুন রশিদ: ২০১২ সালে আমরা ইটুকে নামের একটি প্রকল্প গ্রহণ করি। এর উদ্দেশ্য ছিল দুই হাজার শিল্পোদ্যোক্তা তৈরি করা। এ উদ্যোগ নিয়ে এখনো কাজ করছি। এ ক্ষেত্রে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ২০৩০ সাল পর্যন্ত সাতটি খাতকে গুরুত্ব দিচ্ছি। এ খাতগুলো হলো গার্মেন্টস লিংকেজ, চামড়াজাত দ্রব্য, ফার্মাসিউটিক্যাল, অ্যাগ্রো প্রসেস, অটোমোবাইল পার্টস ইত্যাদি শিল্প। এসবের মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প ছিল দক্ষতা উন্নয়ন।
যে কেউ ইচ্ছে করলেই যেমন কবিতা লিখতে পারে না, তেমনি কেউ ইচ্ছে করলেই শিল্পোদ্যোক্তা হতে পারে না। এ ব্যাপারটা ভেতর থেকে আসতে হয়। স্বাধীনতার এই ৪৫ বছরে যাঁরা শিল্প প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, তাঁরা মহান।
আমাদের দেশে প্রথম জেনারেশনের ব্যবসায়ী বেশি। স্বাধীনতার আগে দাউদ, ইস্পাহানি, আদমজী, বাওয়ানী—এরাই এ অঞ্চলের অর্থনীতি নিয়ন্ত্রণ করত। স্বাধীনতার পর আমরা প্রথম জেনারেশন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন এনেছি। আরও কিছুটা সুযোগ পেলে এটা দ্রুতগতিতে বাড়তে থাকবে।

নুরুল ইসলাম
নুরুল ইসলাম

নুরুল ইসলাম: আমাদের উদ্যোক্তা তৈরি করতেই হবে। বাংলাদেশের বাস্তবতায় এর গুরুত্ব অনেক। বেকারদের চার ভাগের তিন ভাগই হলো যুবসমাজ। এদের কাজে লাগাতে না পারলে এটা হবে বড় ধরনের অপচয়। একটা ব্যবসাবান্ধব সংস্কৃতি সমাজে, পরিবারে থাকা প্রয়োজন। তাহলে তরুণেরা ছোটবেলা থেকে ব্যবসার প্রতি উদ্বুদ্ধ হবে।
ব্যবসা একটা ভালো উদ্যোগ, এর প্রতি ব্যাপক সামাজিক স্বীকৃতি থাকা প্রয়োজন। মুনাফাকে মানুষ তেমন একটা ভালো চোখে দেখে না। কিন্তু মানুষের মনোজগতে ও ভাবনায় অনেক পরিবর্তন এসেছে। উদ্যোক্তা সৃষ্টির পরিবেশ তৈরি করে দিতে হবে। এ ক্ষেত্রে প্রধান বাধা হলো মূলধন। তা ছাড়া উদ্যোক্তা হওয়ার মানসিকতা থাকা প্রয়োজন এবং উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতাগুলো দূর করা প্রয়োজন।

মুনির হাসান
মুনির হাসান

মুনির হাসান: সমাজে উদ্যোক্তার গ্রহণযোগ্যতা কম, চাকরিজীবীর মূল্য বেশি। আজ পর্যন্ত কোনো একজন ব্যবসায়ীকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়নি। ভালো ব্যবসায়ীদেরও সমালোচনা শুনতে হয়।
দেশে ব্যাংকসহ বিভিন্ন খাতে হাজার হাজার কোটি টাকার অনিয়ম হচ্ছে। আমরা ১০০ জন উদ্যোক্তাকে ১০০ কোটি টাকা দিতে পারি। তাঁদের মধ্যে কমপক্ষে ২৫ জন উদ্যোক্তা সফল হবেন। আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক বেশি মেধাবী, যোগ্য, সাহসী। তাদের একটু সুযোগ করে দেওয়া দরকার।
পৃথিবীতে এখন চারটি উদ্যোগকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, তার মধ্যে বাংলাদেশের দুজন তরুণের ব্যাকপ্যাক নামে একটি উদ্যোগ রয়েছে। এর মাধ্যমে বিশ্বের যেকোনো দেশের ওষুধ ঘরে বসে পাওয়া সম্ভব। আমাদের একটি গ্রুপ আছে। এর নাম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’। এখানে ৫৫ হাজার ছেলেমেয়ে বিভিন্নভাবে চেষ্টা করছে। তরুণদের বিনিয়োগের জন্য সুযোগ করে দিতে হবে। তাহলে তারা নিজেদের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

শাহানা জেফরীন
শাহানা জেফরীন

শাহানা জেফরীন: ২০০১ সালে মাত্র ২৪ জন সদস্য নিয়ে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্সের যাত্রা শুরু হয়। এখন এর সদস্যসংখ্যা পাঁচ হাজার। নারী উদ্যোক্তাদের অনেক বেশি সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন। নারীবান্ধব পরিবেশ দরকার, যাতে নারীরা কোনো প্রকার বাধা ছাড়াই কাজ করতে পারেন। ঋণ একটি বড় বিষয়। নারীদের ব্যবসার অন্যতম অন্তরায় হলো সহজ শর্তে ঋণ না পাওয়া। তারপরও আমাদের পাঁচ হাজার উদ্যোক্তার প্রত্যেকের প্রতিষ্ঠান আছে। যেসব নারী গ্রামে ব্যবসা করছেন, তাঁরাও ভালো করছেন। বিদেশের সঙ্গেও আমাদের ব্যবসা-বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছি। সুযোগ-সুবিধা পেলে ও সবার সহযোগিতা থাকলে ভবিষ্যতে ব্যবসায় নারীরা আরও বেশি সফল হবেন।

সৈয়দ আবদুল মোমেন
সৈয়দ আবদুল মোমেন

সৈয়দ আবদুল মোমেন: ব্যাংক অন্যের টাকা ঋণ দেয়। সে ক্ষেত্রে সম্পূর্ণ নতুন উদ্যোক্তাদের ঋণ দেওয়া অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়। আমরা একজন মানুষের ভেতরের সাহস ও যোগ্যতাকে বেশি গুরুত্ব দিই। তবে এ কথা সত্যি যে, সবাই উদ্যোক্তা হতে পারবেন না। এর জন্য একটা অন্য রকম মানসিকতা প্রয়োজন। এমনও ব্যক্তি আছেন, যাঁকে আমরা ২ লাখ টাকা দিয়ে শুরু করে ৫০ লাখ টাকা পর্যন্ত দিচ্ছি। উদ্যোক্তাদের প্রথম দরকার মনের ইচ্ছা। প্রথমে একটু দাঁড়াতে পারলে ব্যাংক তাঁকে অনেক দূর নিয়ে যাবে।

ওয়াহিদ শরীফ
ওয়াহিদ শরীফ

ওয়াহিদ শরীফ: সারা বিশ্বে ৫০০ বিলিয়ন ডলারের আউট– সোর্সিংয়ের মার্কেট আছে। এর মধ্যে ভারত ১৪০ বিলিয়ন ডলার, শ্রীলঙ্কা ৩ বিলিয়ন ডলার ও ফিলিপাইন ২০ বিলিয়ন ডলারের কাজ করে। আমরা মাত্র ১ দশমিক ৮০ বিলিয়ন ডলারের কাজ ক​রি। কিন্তু এখানে কাজ করে অর্থ উপার্জনের প্রচুর সুযোগ আছে। এ ক্ষেত্রে প্রয়োজন নতুন উদে্যাক্তা। ভারতে এ খাতে সরকারের নীতিগত সহযোগিতা রয়েছে। পোশাকশিল্প সরকারের সহযোগিতায় আজ এখানে এসেছে।
সরকার যদি উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা দেয়, তাহলে অবশ্যই এ দেশে হাজার হাজার উদ্যোক্তা তৈ​​রি হবে। আইটি খাতে উপার্জনের এত সুযোগ যে এটাকে কাজে লাগাতে পারলে পোশাকশিল্পকে ছাড়িয়ে যেতে পারে। উদ্যোক্তা তৈরিতে আমাদের একটা দীর্ঘমেয়াদি লক্ষ্য থাকতে হবে।

এস এম শাহীন আনোয়ার
এস এম শাহীন আনোয়ার

এস এম শাহীন আনোয়ার: বাংলাদেশে শিল্পোদ্যোক্তাদের ৯০ শতাংশের বেশি ক্ষুদ্র শিল্পোদ্যোক্তা। ২০১৩ সালের বিবিএসের তথ্য থেকে জানা যায়, সব মিলিয়ে প্রায় ৭০ লাখ ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন। ২০০৭ সালে শিল্প মন্ত্রণালয় এসএমই ফাউন্ডেশন তৈরি করেছে। এ ফাউন্ডেশন বর্তমান উদ্যোক্তা ও নতুন উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখছে।
নতুন উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছি। তাঁদের অনেকেই সফল হচ্ছেন। প্রতিবছর প্রায় তিন হাজার প্রশিক্ষণ কর্মশালা করছি। প্রশিক্ষণ​ার্থীদের অনেকেই চাকরি পেলে চাকরি করেন। আবার অনেকে উদ্যোক্তা হন। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের কমপক্ষে ২০ শতাংশ উদ্যোক্তা হন।
একজন উদ্যোক্তাকে বিভিন্ন ধাপে সহযোগিতা দিই। সিলেটে আগর-আতরশিল্প গড়ে উঠেছে। প্রধানমন্ত্রী এটাকে শিল্পজোন ঘোষণা করেছেন। আমরা এদের বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়ার চেষ্টা করছি।

মোস্তাফা জব্বার
মোস্তাফা জব্বার

মোস্তাফা জব্বার: দেশে যদি প্রায় ৭০ লাখ উদ্যোক্তা থাকে, এর ৬০ লাখ বাঁশ, বেত, কাপড় ইত্যাদির কাজ করে। এগুলো সবই কৃষিভিত্তিক উদ্যোগ। এখন বিশ্বে চতুর্থ শিল্পবিপ্লব চলছে। শারীরিক শ্রম আজ মেধাভিত্তিক শ্রমে প্রবেশ করেছে। শিল্প মন্ত্রণালয়ে মেধাশ্রম শিল্পের জন্য কোনো উদ্যোগ নেই।
শিক্ষিত তরুণেরা সাধারণত কৃষি উদ্যোগের দিকে যায় না। এ জন্য আজ শিক্ষিত বেকারের চাপ বাড়ছে। আজকের অধিকাংশ উদ্যোগই শিক্ষিত বেকারের জন্য নয়। তাহলে এরা কীভাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে? আমাদের শিক্ষাব্যবস্থা এমন যে, ইংরেজি-বাংলা জানা দূরের কথা, নিজেকে প্রকাশ পর্যন্ত করতে পারে না।

তথ্যপ্রযুক্তি খাতে নিজে উদ্যোক্তা হওয়া যায়। তারপর একে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া যায়। এটি একটি মেধাভিত্তিক শিল্প। কিন্তু আমাদের রাষ্ট্রব্যবস্থায় মেধার মূল্য যেমন নেই, তেমনি মেধা রক্ষা করার ব্যবস্থাও নেই।

দেশের যেকোনো জায়গায় বসে তথ্যপ্রযুক্তির উদ্যোক্তা হওয়া যায়। কিন্তু দেশে ইন্টারনেটের গতি খুবই কম। দেশের প্রতিটি জায়গায় দ্রুতগতির ইন্টারনেট দিলে দেশব্যাপী উদ্যোক্তা গড়ে উঠবে। এসব বিষয়ে সঠিক পদক্ষেপ না নিলে দেশে উদ্যোক্তা তৈরি হবে না।

লীলা রশিদ
লীলা রশিদ

লীলা রশিদ: দুই দশক ধরে এনজিওরাও উদ্যোক্তা তৈরি করছে। এদের উদ্যোক্তারা ৩০ শতাংশ সুদে ঋণ নিয়ে ঋণ শোধ করেছে। প্রায় ৯০ শতাংশ ঋণগ্রহীতা ঋণ শোধ করছে। এত দিনেও কেন এসব উদ্যোক্তাকে ব্যাংকের সঙ্গে যুক্ত করা গেল না? এ জায়গায় সরকার বা পিকেএসএফ ক​ারও কোনো পরিকল্পনা ছিল না। একই ধরনের প্রশিক্ষণ এসএমই ফাউন্ডেশন, যুব মন্ত্রণালয় ও অধিদপ্তর, বিসিক দিয়ে থাকে। কিন্তু এদের মধ্যে কোনো সমন্বয় নেই।
বাংলাদেশ ব্যাংকের এসএমই নীতি অনেক বেশি ক্ষুদ্র উদ্যোক্তা-বান্ধব। ১০ শতাংশ সুদে বিভিন্ন খাতে ঋণের ব্যবস্থা আছে। ১০ লাখ থেকে শুরু করে ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা আছে। ৫৫ শতাংশ ট্রেডিং ও ৪৫ শতাংশ ম্যানুফ্যাকচারিংয়ে ঋণ দেওয়ার কথা বলা হয়েছে।

জামানতের ক্ষেত্রে সর্বোচ্চ রকমের ছাড় দিয়ে ঋণ গ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে। এত কিছুর পরও দেখা গেল, সরকারি ব্যাংকের ঋণ মাত্র ১২ শতাংশ, বাকি সব বেসরকারি ঋণ। এসব ঋণও আবার এক বছরের জন্য দেওয়া হয়েছে।

মাত্র এক বছরে কেউ কিছু করতে পারে না। এদের মধ্যে জামানতহীন ঋণের পরিমাণ মাত্র ১০ শতাংশ। আমাদের ব্যাংকের সংস্কৃতি হলো একজনকে ১৫ কোটি টাকা ঋণ দিয়ে ঘরে বসে থাকা। নিজেরা একটু ঘরের বাইরে বের হবে না, উদ্ভাবনী হবে না।

জুনাইদ আহ্‌মেদ পলক
জুনাইদ আহ্‌মেদ পলক

জুনাইদ আহ্‌মেদ পলক: সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় উদ্যোক্তাদের ওপর কাজ করার জন্য একটি বড় প্রকল্প নিয়েছি। এর নাম হলো ইনোভেশন ডিজাইন ও অন্টারপ্রেনারশিপ একাডেমি। এর উদ্দেশ্য উদ্যোক্তা তৈরির জন্য গবেষণা করা।
এখানে বিশ্বের আধুনিক উদ্ভাবন আলোচনা, গবেষণার সুযোগ থাকবে। এখানে তরুণদের গবেষণা, ব্যবসার জায়গা, পরামর্শ, তহবিল—সবকিছু দিয়ে সহযোগিতা করা হবে, যেন তারা সফল উদ্যোক্তা হয়।
আমরা দেশে কিছু ক্যাম্পেইন করছি। যেমন ‘কনেকটিং স্টার্টআপ বাংলাদেশ’। এ ক্যাম্পেইনের মাধ্যমে সারা দেশ থেকে ৪৩৬টি প্রস্তাব পেয়েছি। এর থেকে ৫০টি নির্বাচন করেছি। এদের কাজের জন্য জায়গা দিয়েছি। এদের মধ্যে সেরা দশ যারা, তাদের ক্ষমতা ও যোগ্যতা এত বেশি যে, তারা বিশ্ব জয় করতে পারে।

ভবিষ্যৎ পাঁচ বছরে তারা বিলিয়ন ডলার কোম্পানি হতে পারে। শুধু এসএমই ফান্ড বা এ রকম একটা কিছু দিয়ে ছেড়ে দিলে সেটা কোনো সমাধানের পথ নয়। আইটি উদ্যোক্তাদের সুবিধা হলো, তারা অল্পদিনের মধ্যেই বিলিয়ন ডলার কোম্পানি হতে পারে।

সবকিছু আমদানি করে যে পোশাক তৈরি করা হয়, তার নিট আয় হয়তো পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার হবে। আইটি–শিল্পে এই ভুল করতে চাই না। ২০২১ সালের মধ্যে এক হাজার আইটি পণ্য তৈরি করতে চাই।

প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে ২০২১ সালের মধ্যে পাঁচ বিলিয়ন ডলারের আইসিটি পণ্য রপ্তানি ও ২০ লাখ যুবককে উদ্যোক্তা করা। প্রতিবছর ৫০ হাজার যুবককে প্রশিক্ষণ দিচ্ছি। আইসিটি মন্ত্রণালয় কয়েক বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য নিয়ে কাজ করছে।

ফজলুল হক
ফজলুল হক

ফজলুল হক: যে যা-ই বলুক, গত ৪৫ বছরে বাংলাদেশে উদ্যোক্তা উন্নয়নে একটি নীরব বিপ্লব ঘটেছে। তা না হলে বাংলাদেশ আজ এ অবস্থায় আসতে পারত না। এটা একটা খুশির খবর যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটি নিয়ে একটি বিভাগ খুলেছে।
একজন মানুষ এই কোর্স করলেই যে সে ভালো উদ্যোক্তা হবে, তার কোনো নিশ্চয়তা নেই। উদ্যোক্তা হওয়ার জন্য তার সহজাত কিছু সৃজনশীলতা ও সাহসী মানসিকতা থাকা প্রয়োজন। তবে একটি বিভাগ থেকে যখন বছরের পর বছর শিক্ষার্থী উদ্যোক্তা হওয়ার জন্য পড়াশোনা করবে, তখন তাদের অনেকে অবশ্যই উদ্যোক্তা হবে।
ঢাকা, খুলনা, চট্টগ্রাম—সব জায়গায় কিন্তু একই রকম সুযোগ ও একই রকম ব্যবসা থাকবে না। উদ্যোক্তাদের মেধা ও যোগ্যতা দিয়ে বুঝতে হবে কোথায় তাঁরা কোন ব্যবসা করবেন।

ব্যাংকের প্রবণতা হলো, যাঁর টাকা লাগবে না তাঁর পেছনে দৌড়ায়। এ ক্ষেত্রে সিএসআর ফান্ডের একটা অংশ ব্যাংক প্রাথমিক উদ্যোক্তাদের দিতে পারে।

আমার একটা নিজস্ব ধারণা, রেমিট্যান্স ফ্ল্যাট ও জমির দামকে প্রচণ্ডভাবে বাড়িয়ে দিচ্ছে। এদের উদ্যোক্তা করার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা যেতে পারে।

মীর নাসির হোসেন
মীর নাসির হোসেন

মীর নাসির হোসেন: আমার মনে হয়েছে, মানুষ চাকরিকে বেশি প্রাধান্য দেয়। অনেকেই উপায়হীন হয়ে উদ্যোক্তা হয়েছেন। তবে যাঁরা উদ্যোক্তা হয়েছেন, তাঁরা সাহসী মানসিকতার জন্য ধন্যবাদ পাবেন।
দেশের উদ্যোক্তাদের একটা মারাত্মক ক্ষতিকর প্রবণতা হলো রাতারাতি বড়লোক হতে চাওয়া। এ জন্য অধিকাংশ উদ্যোক্তা নিজেদের ধ্বংস ডেকে আনেন। অনেকের সঙ্গে আমি একমত যে আজ দেশের উন্নয়নের পেছনে উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যক্তি খাত এখন লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। তাঁরা ব্যাপক সম্পদ সৃষ্টি করেছেন।
পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়াও শতাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় হাজার হাজার এমবিএ-বিবিএ তৈরি করছে। আমাদের কি এত এমবিএ-বিবিএর দরকার আছে?

বর্তমান শিক্ষাব্যবস্থা থেকে আমাদের প্রয়োজনীয় টেক্সটাইল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারসহ অনেক পেশার লোক পাচ্ছি না। শিক্ষা হওয়া দরকার নিড বেজ (প্রয়োজনভিত্তিক)। এ কথা ঠিক যে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করতে হলে উদ্যোক্তা তৈরি করতে হবে।

মো. সবুর খান
মো. সবুর খান

মো. সবুর খান: আমাদের বৈশিষ্ট্য হচ্ছে, সহজেই একটা পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারি। শুধু চার বছরের উদ্যোক্তা উন্নয়ন কোর্স পড়িয়ে কাউকে উদ্যোক্তা বানানো সম্ভব নয়। কিন্তু শুরুটা করা প্রয়োজন।
আমাদের বিশ্ববিদ্যালয়ে যাঁদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা আছে, তাঁদের ৪, ৮ বা ১২ ক্রেডিটের কোর্সের সঙ্গে সমন্বয় করেছি। দেশের সরকারি নীতিমালা, স্টেকহোল্ডারদের নীতিমালা, ব্যাংকের নীতিমালা—সবকিছুই অন্যান্য দেশ থেকে ভিন্ন। যে উদ্দেশ্য নিয়ে আলোচনার আয়োজন করেছি, সে লক্ষ্যে পৌঁছাতে পেরেছি বলে মনে করি।
কোর্স ডিজাইনে কী কী পরিবর্তন দরকার, সেটা আজকের আলোচনায় এসেছে। সম্প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়েরই কিছু শিক্ষার্থী কলাগাছ থেকে কীভাবে ফাইবার, বোর্ড, ফার্নিচার ইত্যাদি তৈরি করা যায়, এ রকম ৮ থেকে ১০টি দ্রব্য প্রদর্শন করলেন। তাঁদের এর কপিরাইট করতে বললাম। কিন্তু তাঁরা জানেনই না কীভাবে কপিরাইট করতে হয়। অথচ জাপানে একটা দ্রব্য বাজারে আসার আগেই কপিরাইট করা হয়।

আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, যে জন্য নিজেদের গবেষণালব্ধ দ্রব্য অন্যরা কপিরাইট করে নিতে পারে। এটা সত্য যে, উদ্যোক্তা হওয়ার জন্য পড়াশোনার কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এখন পড়াশোনা ছাড়া উদ্যোক্তা হওয়া প্রায় অসম্ভব। কারণ, উদ্যোক্তা হতে হলে তাঁকে প্রকল্প পরিকল্পনা, টেকনিক্যাল ভায়াবিলিটি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আয়-ব্যয়, ব্যালান্স শিট ইত্যাদি বিষয়ে জানতে হয়।

বাংলাদেশে আমরাই প্রথম উদ্যোক্তা কোর্স চালু করেছি। আমাদের উদ্দেশ্য শিক্ষার্থীদের প্রকৃত মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষ করেও কর্মহীন না থাকতে হয়।

মো. মোশাররফ হোসেন ভূঁইয়া
মো. মোশাররফ হোসেন ভূঁইয়া

মো. মোশাররফ হোসেন ভূঁইয়া: স্বাভাবিকভাবে দেশে উদ্যোক্তা তৈরি হয়েছে। ২০০৭ ও ২০০৮ সালে পৃথিবীব্যাপী অর্থনৈতিক মন্দা হয়েছে কিন্তু বাংলাদেশে এর প্রভাব পড়েনি। এই প্রভাব না পড়ার পেছনে উদ্যোক্তাদের ভূমিকা ছিল।
নব্বইয়ের দশক থেকে আজ পর্যন্ত সরকারি-বেসরকারি উদ্যোগে পোশাকশিল্প এত বড় হয়েছে। বলা হয়, এর মূল্য সংযোজন কম। কিন্তু এই শিল্প কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন দেশের মোট রপ্তানির ৮২ শতাংশ করে পোশাকশিল্প।
চামড়াসহ ভবিষ্যতে আরও কিছু শিল্পের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে। এসব ক্ষেত্রে উদ্যোক্তা তৈরি হবে। তাদের সহযোগিতা করতে হবে। আগামী ১৫ বছরে সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল করবে। এখানে অনেক শিল্পোদ্যোক্তা আসবেন, তাঁদের সন্তানেরা আসবেন। এসব উদ্যোক্তাকে সরকার অনেক ধরনের প্রণোদনা দেবে।

১৯১১ সালের ​পেটেন্ট আইন সংস্কার করে ২০১৬ করা হবে। পেটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ককে যুগোপযোগী করার জন্য আমাদের বেশ কিছু প্রকল্প কাজ করছে। উদ্যোক্তারা যেন এক জায়গা থেকে সব ধরনের সেবা পেতে পারেন, সে জন্য ওয়ান স্টপ সার্ভিসের ব্যবস্থা করছি।

বিনিয়োগ বোর্ড ও প্রাইভেটাইজেশন প্রতিষ্ঠান একীভূত হতে যাচ্ছে। উদ্যোক্তাবান্ধব অনেক উদ্যোগ শিল্প মন্ত্রণালয় নিয়েছে এবং নিতে থাকবে।

আব্দুল কাইয়ুম: উদ্যোক্তা তৈরিতে সরকারের বিভিন্ন উদ্যোগ রয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়ও এ ক্ষেত্রে এগিয়ে আসবে বলে আশা করি।

সবাই সমন্বিতভাবে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কাজ করলে ভবিষ্যতে দেশে অনেক বেশি উদ্যোক্তা তৈরি হবে। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

যাঁরা অংশ নিলেন 

জুনাইদ আহ্‌মেদ পলক : সাংসদ, প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়

মো. মোশাররফ হোসেন ভূঁইয়া :    সিনিয়র সচিব, শিল্প মন্ত্রণালয়

মীর নাসির হোসেন            :  সাবেক সভাপতি, এফবিসিসিআই ও চেয়ারম্যান, মীর গ্রুপ

মোস্তাফা জব্বার                :  সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব

                               সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস

লীলা রশিদ                      :  জেনারেল ম্যানেজার, ইক্যুইটি অ্যান্ড অন্টারপ্রেনারশিপ ফান্ড ইউনিট, বাংলাদেশ ব্যাংক

মো. সবুর খান                  :  চেয়ারম্যান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ফজলুল হক                     :  সাবেক সভাপতি, বিকেএমইএ ও বাংলাদেশ

                               এমপ্লয়ার্স ফেডারেশন

ইউসুফ মাহবুবুল ইসলাম     :  ভাইস চ্যান্সেলর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল

                               ইউনিভার্সিটি

হুমায়ুন রশিদ                    :  সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ডিসিসিআই

এস এম শাহীন আনোয়ার   :  মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন

নুরুল ইসলাম                   :  সভাপতি, আমেরিকান চেম্বার অব কমার্স ইন

                               বাংলাদেশ

শাহানা জেফরীন               :  সদস্য, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স

                               অ্যান্ড ইন্ডাস্ট্রি

ওয়াহিদ শরীফ                  :  সহসভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব

                               কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং

সৈয়দ আবদুল মোমেন        :  হেড অব স্মল বিজনেস, ব্র্যাক ব্যাংক

মো. মাজেদুল ইসলাম         :  প্রোগ্রাম কো-অর্ডিনেটর, অ্যাকসেস টু

                               ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম

মুনির হাসান                     :  ​​যুব কর্মসূচি সমন্বয়ক, প্রথম আলো

সৈয়দ মারুফ রেজা            :  বিভাগীয় প্রধান, অন্টারপ্রেনারশিপ বিভাগ,

                               ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

সঞ্চালক

আব্দুল কাইয়ুম           : সহযোগী সম্পাদক, প্রথম আলো