বাংলাদেশ নিয়ে উদ্বেগ আছে জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, তারা এখনো বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। এ ছাড়া মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা দেখতে আগ্রহী।
গত বুধবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কথা তুলে ধরেন দপ্তরের মুখপাত্র জন কারবি।
ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে মূলত দুটি প্রশ্ন করা হয় মুখপাত্র কারবিকে। জুলহাজ মান্নানকে কুপিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ সরকারের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রের কাছে কী হালনাগাদ তথ্য আছে—এ প্রশ্নে জন কারবি বলেন, এ নিয়ে তাঁর কাছে হালনাগাদ তথ্য নেই।
দ্বিতীয় প্রশ্নে এক সাংবাদিক উল্লেখ করেন, বাংলাদেশে ২০১৪ সালের জানুয়ারির একতরফা নির্বাচনের পর দুই বছর পার করে দিয়েছে সরকার। দেশে নেই মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা। চলছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড। নির্বাচনের পর যুক্তরাষ্ট্র সবাইকে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছিল। এখন এসব ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?
জবাবে জন কারবি বলেন, ‘...অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। আমরা এখনো চাই, বাংলাদেশের জনগণ যেন একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের অংশগ্রহণের সুযোগ পায়। চাই, মানবাধিকার রক্ষা, মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা। যেমনটা আমরা চাই বিশ্বের অন্য স্থানেও। তাই, এ বিষয়গুলোতে আমাদের এখনো প্রকৃত উদ্বেগ রয়েছে এবং এর পরিবর্তন হয়নি।’