বাংলাদেশে এল ভারতের বিদ্যুৎ
ভারত থেকে আমদানি করা বিদ্যুৎ দেশের জাতীয় গ্রিডে সঞ্চালন শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা ৪৭ মিনিটে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) এই তথ্য জানিয়েছে। পিজিসিবি সূত্র জানায়, আগামী ৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ৫০ থেকে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালিত হবে। পরে আমদানির পরিমাণ পর্যায়ক্রমে বাড়বে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের জন্য ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেনাবেচার চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ অক্টোবর কুষ্টিয়ার ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রে গিয়ে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ভিডিও সম্মেলন করে এই বিদ্যুৎ আমদানির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
গতকাল ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রের আন্তর্দেশীয় সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপক আলমগীর হোসেন প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধিকে বলেন, সকালে শুরু থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় গ্রিডে আমদানি করা ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালিত হয়। এরপর বিকেল পাঁচটা পর্যন্ত তা ১৭৫ মেগাওয়াটে উন্নীত হয়ে জাতীয় গ্রিডে সঞ্চালিত হয়। এরপর সঞ্চালন বন্ধ রাখা হয়। বিদ্যুৎ প্রবাহের খুঁটিনাটি পরীক্ষা করা হচ্ছে। আজ শনিবার আবার বিদ্যুৎ সঞ্চালন চালু হতে পারে।
আমদানি করা বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালনের সময় ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের পরামর্শক পি কে রায়, ভেড়ামারা আন্তদেশীয় সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পের পরিচালক কাজী ইশতিয়াক হাসান, পাওয়ার গ্রিড করপোরেশন ভারতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) কলিম আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
পিজিসিবি সূত্র জানায়, আমদানি করা বিদ্যুৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সঞ্চালিত হবে। তবে এই বিদ্যুৎ গ্রাহকেরা ব্যবহার করতে পারবেন। এই সময়ের মধ্যে গ্রিড উপকেন্দ্রের কিছু অসমাপ্ত কাজ শেষ করা হবে। ১ অক্টোবর ‘জিরো আওয়ার’ (৩০ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা) থেকে বাণিজ্যিক সরবরাহ হিসাবে ধরা হবে।