বাংলাদেশে এল যুক্তরাষ্ট্রের ক্রিস্পি ক্রিম ডোনাট

যুক্তরাষ্ট্রের বহুজাতিক ব্র্যান্ড ক্রিস্পি ক্রিমের ডোনাট কাল শনিবার থেকে বাংলাদেশে পাওয়া যাবে। ক্রিস্পি ক্রিম ও বাংলাদেশে প্রতিষ্ঠানটির ফ্র্যাঞ্চাইজি ওরিয়ন গ্রুপ গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে।
রাজধানীর বনানীর ১১ নম্বর রোডে ক্রিস্পি ক্রিমের নিজস্ব বিক্রয়কেন্দ্রে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ক্রিস্পি ক্রিমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড্যান বিম, ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওরিয়ন গ্রুপের সঙ্গে ২০১৪ সালে হওয়া ফ্র্যাঞ্চাইজি চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছরে বাংলাদেশে ২০টি বিক্রয়কেন্দ্র খুলবে ক্রিস্পি ক্রিম। এর প্রথমটি বনানীতে চালু হতে যাচ্ছে শনিবার।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে যাত্রা শুরু উপলক্ষে ক্রিস্পি ক্রিমের প্রথম ক্রেতা আগামী এক বছরের জন্য বিনা মূল্যে প্রতি সপ্তাহে এক ডজন করে ডোনাট উপহার পাবেন। এভাবে দ্বিতীয় ক্রেতা ছয় মাস, তৃতীয় ক্রেতা তিন মাস ও ৪ থেকে ১০০তম ক্রেতা এক মাস প্রতি সপ্তাহে এক ডজন করে ডোনাট পাবেন। এ ছাড়া ১০১ থেকে ৪০০তম ক্রেতা প্রতি এক ডজন ডোনাট কিনলে আরেক ডজন বিনা মূল্যে পাবেন।
ক্রিস্পি ক্রিমের এক ডজন অরিজিনাল গ্লেইজড ডোনাটের দাম পড়বে ৮০০ টাকা। আর প্রতিটি ডোনাটের খুচরা দাম পড়বে মানভেদে ৯৯ থেকে ১২০ টাকা। ডোনাট ছাড়াও কফি, আইসক্রিম ও আইস-টি পাওয়া যাবে ক্রিস্পি ক্রিমের বিক্রয়কেন্দ্রে।
সালমান ওবায়দুল করিম বলেন, বাংলাদেশের মানুষ ভাত-মাছের পাশাপাশি মিষ্টি খেতে খুব পছন্দ করেন। ক্রিস্পি ক্রিমের বিশ্বমানের ডোনাট গ্রাহকদের এক নতুন রকমের মিষ্টির স্বাদ দেবে।