বাংলাদেশে এসেছে ৮৭ হাজার রোহিঙ্গা
গত বছরের অক্টোবরে রাখাইন রাজ্যের সীমান্তচৌকিতে হামলার জেরে মিয়ানমার থেকে এ পর্যন্ত প্রায় ৮৭ হাজার সংখ্যালঘু মুসলিম বাংলাদেশে এসেছে। এ পর্যন্ত কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় মিয়ানমারের ১ লাখ ৬৪ হাজার অনিবন্ধিত নাগরিক অবস্থান করছে বাংলাদেশে। মিয়ানমার থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে আসার ঢল নামে ফেব্রুয়ারির শেষ দিকে। আবার জুলাইতে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে এসেছে।
কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের অনিবন্ধিত নাগরিকদের ওপর পরিচালিত সমীক্ষার হালনাগাদ বরাত দিয়ে জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তরের বিশেষায়িত ডিজিটাল সেবা রিলিফওয়েব তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। বৈশ্বিক সংকট ও দুর্যোগের মানবিক তথ্যের উৎস রিলিফওয়েব।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ দপ্তর গত ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের অনিবন্ধিত লোকজনের মানবিক প্রয়োজনীয়তার বিষয়ে ওই সমীক্ষা শুরু করেছে। এ বছরের ৩১ জুলাই সর্বশেষ ওই সমীক্ষা হালনাগাদ করা হয়েছে।
আইওএমের বাংলাদেশ দপ্তরের এক কর্মকর্তা মঙ্গলবার প্রথম আলোকে জানান, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সাহায্য সংস্থার সহযোগিতা আইওএম এই সমীক্ষাটি পরিচালনা করছে। আর সমীক্ষার বিভিন্ন বিষয় নিয়মিতভাবে বাংলাদেশ সরকারকে অবহিত করা হয়।
আইওএম উখিয়া ও টেকনাফের ৫৭টি স্থানে ৩২ হাজার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমীক্ষাটি চালিয়েছে। এর মধ্যে ২২ হাজার পরিবার বাস করছে বালুখালি, কুতুপালং ও বাহারছড়ার অস্থায়ী শিবিরে। অক্টোবরের পর বাংলাদেশে আসা ৮৭ হাজার রোহিঙ্গার মধ্যে ৫২ শতাংশ নারী ও শিশু। জুলাই মাসেও মিয়ানমার থেকে বিপুলসংখ্যক লোকের বালুখালি ও কুতুপালংয়ে আসা অব্যাহত রয়েছে। এর মধ্যে বালুখালিতে ৪৪০টি পরিবার এবং কুতুপালংয়ে ৬৫০টি পরিবার এসেছে। তবে লেদার অস্থায়ী শিবিরে মিয়ানমারের অনিবন্ধিত এসব লোকের উপস্থিতি কমেছে। গত বছরের অক্টোবরের পর থেকে লেদা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হলেও স্থান সংকুলানের কারণে লোকজন বাধ্য হয়ে সেখান থেকে আশপাশের গ্রামে ছড়িয়ে পড়েছে।
সমীক্ষায় বলা হচ্ছে, বাংলাদেশে আসা নতুন ৮৭ হাজার রোহিঙ্গার বড় অংশটির উৎস মংডু শহরের বুথিডং থেকে। ভূমিমাইন বিস্ফোরণ, সেনাবাহিনীর অভিযান, সহিংসতা, খাদ্যাভাব ও জীবিকার অভাবের কারণে বর্ষা মৌসুমে লোকজনকে বুথিডং থেকে বাংলাদেশে আসতে বাধ্য করেছে।