বাংলাদেশে কখনো গ্রহণযোগ্য ব্যক্তি পাওয়া যাবে না: মুনতাসীর মামুন
নির্বাচন কমিশন গঠনে গ্রহণযোগ্য ব্যক্তিদের বাছাইয়ের যে দাবি বিভিন্ন মহল থেকে উঠেছে, তার সঙ্গে ভিন্নমত জানিয়েছেন অধ্যাপক মুনতাসীর মামুন। তিনি বলেছেন, বাংলাদেশে কখনো সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি পাওয়া যাবে না।
এই বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, ‘বঙ্গবন্ধুও সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন না। তাঁর মতো ব্যক্তি গ্রহণযোগ্য না হন, এখানে আমরা এসব কথা বলি এটা কল্পনার রাজ্য হয়ে যাবে।’ তাঁর মতে, কেউ নিরপেক্ষ নন। মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না, এমন লোক কেউ চাইবে না।
আজ রোববার নির্বাচন কমিশন গঠনে গঠিত সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ঢাকা বিশ্বিবদ্যালয়ের সাবেক অধ্যাপক মুনতাসীর মামুন। তবে তিনি বৈঠক শেষ হওয়ার আগেই বের হয়ে যান।
মুনতাসীর মামুন বলেন, ‘আমি বলব, আমরা একটা অন্তর্ভুক্তিমূলক ইসি চেয়েছি। যেখানে প্রচলিত ধারা আমলাতন্ত্র, বিচার বিভাগের বাইরে গিয়ে সুশীল সমাজের ওপর জোর দিতে হবে। নারী ও সংখ্যালঘুর ওপর জোর দিতে হবে।’
তাঁর মতে, নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু ভোট করা সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনে অনেক অংশীজন রয়েছেন, সেটা রাজনৈতিক দল, প্রশাসন, স্থানীয় ভোটার আর নির্বাচন কমিশন সেটা পরিচালনা করতে পারে। সবকিছু ইসির একার ওপরে চাপিয়ে দিলে হবে না।
সার্চ কমিটির ক্ষমতা সীমিত বলে মনে করেন মুনতাসীর মামুন। তিনি বলেন, সরকার যে আইন করেছে সেই অনুযায়ী রাষ্ট্রপতি ইসি নিয়োগ দেবেন। যিনি সৎ এবং সাহস করে কাজ করতে পারেন, এমন লোকের নাম প্রস্তাব করার জন্য বলেছেন। তাঁরা কোনো নাম প্রস্তাব করেননি, রূপরেখা দিয়েছেন।
প্রস্তাবিত নামগুলো প্রকাশের দাবির সঙ্গে একমত জানালেও কারা কার নাম প্রস্তাব করেছে, তা প্রকাশের পক্ষে নন অধ্যাপক মুনতাসীর মামুন। তিনি বলেন, ‘সার্চ কমিটির প্রধান বলেছেন, তাঁরা সব নাম প্রকাশ করবেন। মজুমদার সাহেব (বদিউল আলম মজুমদার) বলেছিলেন রাজনৈতিক দলগুলো কার কার নাম প্রস্তাব করেছে, সেটা আলাদাভাবে উল্লেখ করতে। কিন্তু আমরা সেটার বিরোধিতা করেছি, বলেছি সবার নাম যাক, তবে কে কোন নাম প্রস্তাব করেছে, সেটা বলা বাঞ্ছনীয় নয়। তাহলে একটা মার্কা হয়ে যাবে।’