বাংলাদেশে কম দামে বিশ্বমানের ওষুধ
দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো এখন বিশ্বমানের ওষুধ উৎপাদন করছে। চাহিদার ৯৮ শতাংশ ওষুধ তৈরি করছে দেশি প্রতিষ্ঠানগুলো। বিশ্বমানের ওষুধ এত কম দামে আর কোথাও পাওয়া যায় না।
আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি আয়োজিত ‘বাংলাদেশে ওষুধশিল্প: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে সমিতির নেতারা এ কথা বলেন। রাজধানীর একটি অভিজাত হোটেলে সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে এই সেমিনারের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি নাজমুল হাসান বলেন, বাংলাদেশের অগ্রগতির গর্বিত অংশীদার ওষুধশিল্প। বাংলাদেশ বিশ্বমানের ওষুধ তৈরি করছে। শুধু আশপাশের দেশে নয়, কঠিন নিয়মকানুন দ্বারা নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের বাজারেও বাংলাদেশ ওষুধ রপ্তানি করছে। তিনি বলেন, রপ্তানি বাড়ানোর জন্য সরকার আগামী বাজেটে এই খাতে প্রণোদনা দিতে পারে।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, বাংলাদেশর মানুষের গড় আয়ু বেড়ে ৭০ বছরের বেশি হয়েছে। এতে ওষুধশিল্পের অবদান আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। এর পেছনেও ওষুধশিল্পের অবদান রয়েছে।
বিশিষ্ট শিল্পপতি ও বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বাংলাদেশের ওষুধশিল্পের সামনে যে অপার সম্ভাবনা রয়েছে, তা কল্পনার বাইরে। বর্তমানে ওই খাতে প্রবৃদ্ধি ১৬ দশমিক ৫ শতাংশ। আগামী বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশের বেশি হয়, তা হলে ওষুধশিল্প খাতের প্রবৃদ্ধি ২০ শতাংশে পৌঁছাবে। তিনি বলেন, বাংলাদেশে ওষুধশিল্পের সফলতার অন্যতম কারণ শিল্পমালিকেরা ওষুধের মান নিয়ে সচেতন।
একাধিক আলোচক বলেন, দেশে বিশ্বমানের ওষুধ পরীক্ষাগারের কাজ চলছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরকে আরও শক্তিশালী করা চেষ্টা চলেছ। এসব কাজ শেষ হলে এ শিল্পের অবস্থান আরও দৃঢ় হবে।
স্বাগত বক্তব্যে সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান বলেন, ২০৩০ সাল নাগাদ ওষুধ রপ্তানিতে বাংলাদেশ এক নম্বর দেশ হতে পারে, এমন সম্ভাবনা আছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরে মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, এ শিল্পকে আরও অনেক দূরে যেতে হলে সবাই একসঙ্গে কাজ করতে হবে। সেমিনার শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।