বাংলাদেশে কাজ করছে ২৩৩টি বিদেশি এনজিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে বাংলাদেশে কাজ করছে এমন বিদেশি এনজিওর (বেসরকারি সংস্থা) সংখ্যা ২৩৩টি। গতকাল বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান।
দিনের কার্যসূচির শুরুতে প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
সাংসদ এ কে এম মাইদুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ২৩৩টি বিদেশি এনজিওতে ৩৪২ জন বিদেশি এবং ১৫ হাজার ৮১৫ জন বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এনজিওগুলোর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যভিত্তিক। এর মধ্যে ৭০টি যুক্তরাষ্ট্রের ও ৩৬টি যুক্তরাজ্যের। এ ছাড়া সৌদি আরব, কুয়েত, কাতারসহ মধ্যপ্রাচ্যভিত্তিক এনজিওর সংখ্যা আছে নয়টি। এর বাইরে জাপানের ১৯টি ও অস্ট্রেলিয়ার ১০টি।
প্রধানমন্ত্রী জানান, কোনো এনজিও বিদেশি নাগরিক নিয়োগ দিতে চাইলে সংস্থার অর্গানোগ্রাম অথবা এনজিও-বিষয়ক ব্যুরোর অনুমোদিত প্রকল্পে বিদেশি বিশেষজ্ঞ কর্মকর্তা নিয়োগের সংস্থান থাকতে হয়। নিয়োগের শর্তানুযায়ী বিদেশি নিয়োগ করা হয় এবং এনজিও-বিষয়ক ব্যুরো ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে তাঁরা এ দেশে কাজ করেন।