ঢাকা সফররত ব্রিটেনের লোকসমাজ ও স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রী জন ডেনহাম বলেছেন, বাংলাদেশে সম্পূূর্ণ কার্যকর সংসদসহ অংশগ্রহণমূলক গণতন্ত্র দেখতে চায় ব্রিটেন। তিনি বলেন, যুক্তরাজ্য চেয়েছিল বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। তাই ভোটার তালিকা তৈরি এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্রিটেন স্বল্প পরিসরে বাংলাদেশকে সহযোগিতা করেছিল। তিনি গতকাল সোমবার বার্তা সংস্থা ইউএনবিকে এ কথা বলেন। বিরোধী দলের অব্যাহত সংসদ বর্জনের ব্যাপারে মতামত জানতে চাইলে ডেনহাম বলেন, স্থানীয়ভাবে এসব সংকটের সমাধান করা প্রয়োজন। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্রিটেন অব্যাহতভাবে সহযোগিতা করবে উল্লেখ করে ডেনহাম বলেন, সফল নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রে ফেরার ব্যাপারটি স্পষ্ট এবং এটি গুরুত্বপূর্ণ। ডেনহাম তিন দিনের সরকারি সফরে গতকাল ঢাকায় এসেছেন। প্রথম দিনে তিনি স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাত্ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাত্ করবেন। তাঁর সিলেট সফর করার কথা রয়েছে।