বাংলাদেশে কার্যক্রম বন্ধ করছে অ্যাকসেঞ্চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুজাতিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চার আগামী নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। কার্যক্রম বন্ধের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি বাংলাদেশে কর্মরত ৫৫৬ কর্মীকে গতকাল মঙ্গলবার একযোগে ছাঁটাই নোটিশ পাঠিয়েছে।

২০১৩ সালে মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের মালিকানাধীন জিপিআইটির ৫১ শতাংশ শেয়ার কিনে বাংলাদেশে ব্যবসা শুরু করে অ্যাকসেঞ্চার। প্রতিষ্ঠানটিতে বর্তমান গ্রামীণফোনের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান টেলিনরের ৪৯ শতাংশ শেয়ার রয়েছে।

অ্যাকসেঞ্চার এমপ্লয়িজ ইউনিয়ন বাংলাদেশের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ প্রথম আলোকে বলেন, অ্যাকসেঞ্চার কর্তৃপক্ষ গতকাল সব কর্মীর কাছে এ–বিষয়ক একটি ই-মেইল পাঠায়। এতে বলা হয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব কর্মীর দেনা-পাওনা পরিশোধ করে ওই দিনই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

এ বিষয়ে অ্যাকসেঞ্চার কর্তৃপক্ষের বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

শাহীন আহমেদ বলেন, ‘বাংলাদেশে অ্যাকসেঞ্চারের কার্যক্রম হঠাৎ বন্ধের সিদ্ধান্তে আন্তর্জাতিক পর্যায়ে এর নেতিবাচক প্রভাব পড়বে। বিদেশি প্রতিষ্ঠানগুলো আর এ খাতে বিনিয়োগ করতে চাইবে না। ইউনিয়নের পক্ষ থেকে এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’