বাংলাদেশে কিছু হোম গ্রোন জঙ্গি আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে কোনো মসজিদ, কোনো মাদ্রাসায় আইএস নেই। এখানে কিছু অভ্যন্তরীণ জঙ্গি (হোম গ্রোন) আছে। তারা মাঝেমধ্যে নৈরাজ্যে সৃষ্টি করার চেষ্টা করে। কিন্তু এখন তারাও বুঝে গেছে যে এভাবে আর হবে না।
আজ বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের সম্মেলনকক্ষে বাংলাদেশ পুলিশের আয়োজনে ‘ধর্মীয় সম্প্রীতি সম্মেলন’ নামের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হকের সভাপতিত্বে ধর্মীয় সম্প্রীতি সম্মেলনে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ অংশ নেন।
কয়েক মাস ধরে দেশের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ছাত্র, শিক্ষক, প্রকাশক, সংস্কৃতিকর্মীদের হত্যা করা হয়েছে। এসব হত্যার পর কয়েকটির দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস। তবে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে দেশে কোনো আইএস নেই। এসব হামলার পরই বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ‘ধর্মীয় সম্প্রীতি সম্মেলন’ নামে সব ধর্মের লোকদের নিয়ে এ আয়োজন করা হলো।
আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির দেশ। এখানে শান্তি বিনষ্ট করার প্রচেষ্টা চলছে, মানুষ হত্যা করা হচ্ছে, আর তারা বলছে আইএস। এই যে এখানে এত মাওলানা আছেন, এখানে কেউ তো বলছেন না যে তাঁরা আইএস করেন। এ সময় তিনি প্রশ্ন তোলেন, তাহলে কোথা থেকে আসে আইএস? তিনি বলেন, ইসলামসহ কোনো ধর্মই হত্যা, নির্যাতন, লুটতরাজ সমর্থন করে না। কোনো ধর্মের বিধানও নেই। তাহলে কেন ইসলামের নামে এসব করা হচ্ছে? তা খতিয়ে দেখার সময় এসেছে।
আইজিপি শহিদুল হক বলেন, ‘সিরিয়া ও আফগানিস্তানে কেন আজ এ অবস্থা, কারণ সেখানে ষড়যন্ত্র রয়েছে। আল-কায়েদা কাদের সৃষ্টি, তা আপনারা ভালো করেই জানেন, বোঝেন। তারা আফগানিস্তান ও সিরিয়ায় যেভাবে এসেছিল, সেভাবে বাংলাদেশেও আসতে চায়। এসব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।’ তিনি আরও বলেন, যে সমাজে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিনষ্ট হয়, সে সমাজে শান্তি থাকে না। আর যে সমাজ তা মেনে নেয় না, সে সমাজে তা সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হয়।