বাংলাদেশে কয়লা রপ্তানি করতে আলোচনা করছে ভারতীয় কোম্পানি
ভারতে কয়লা উৎপাদনকারী সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল) কয়লা রপ্তানি করতে বাংলাদেশের সঙ্গে ‘নিবিড় আলোচনা’ চালিয়ে যাচ্ছে। ভারতের কয়লাসচিব অনিল স্বরূপ গতকাল মঙ্গলবার এ কথা জানান। ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন সচিব।
ভারতে কয়লার চাহিদা হঠাৎ করে কমে গেছে। আবার খনি ও বিদ্যুৎকেন্দ্রে ৮ কোটি টনেরও বেশি কয়লা মজুত রয়েছে। আর এ পরিপ্রেক্ষিতেই রপ্তানির কথা বিবেচনা করছে ভারত। কয়লাসচিব বলেন, ‘সিআইএল আমাদের কয়লা রপ্তানির জন্য বাংলাদেশের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে।’
বাংলাদেশে কয়লা রপ্তানির ফলে সিআইএলের বিক্রি বেড়ে যাবে। কেননা, গত জুলাই মাসে কয়লাচালিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র করার জন্য বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে ভারত।
ভারত সরকার চলতি অর্থবছরে ৫৯ কোটি ৮০ লাখ টন কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ২০২০ সাল নাগাদ ১০০ কোটি টন কয়লা উৎপাদন করতে চায় ভারত।